প্রথম সেশনে দাপট দেখিয়েছেন পেসাররা
বৃষ্টির কারণে টানা দেড় দিন খেলা বন্ধের পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) মাঠে গড়িয়েছে খেলা। চতুর্থ দিনের শুরুতেই জোড়া সাফল্য এনে দেন এবাদত হোসেন এবং খালেদ আহমেদ। তবে এর পর আর উইকেট হারায়নি পাকিস্তান। এই মুহূর্তে দুপুরের খাবারের বিরতিতে গেছে দুই দল। বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪২ রান। প্রথম সেশনে খেলা হয়েছে ১৯.৪ ওভার।
এদিকে ক্যারিয়ারের প্রথম দুই টেস্ট ম্যাচে উইকেট না পাওয়া খালেদ আহমেদ মঙ্গলবার (৭ ডিসেম্বর) চতুর্থ দিনে নিজের ১০ম ওভারে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেট তুলে নেন। পাকিস্তানের অধিনায়ক বাবদ আজমকে এলবিডব্লিউ করেন তিনি। যার ফলে টেস্টে উইকেটের খাতা খুললেন তিনি।
এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হয়। দেড় দিন পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে।
তার আগে বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিনে বৃষ্টির কারণে প্রথমে খেলা পিছিয়ে দেওয়া হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা বাতিল করা হয়। তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
এদিকে এই বৃষ্টির কারণেই দ্বিতীয় দিনের খেলায় মাত্র ৩৮ বল মাঠে গড়িয়েছিল। রোববার (৪ ডিসেম্বর) হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম টেস্ট হারার পর ঢাকা টেস্ট দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশের। অন্যদিকে ২-০ তে সিরিজ শেষ করার লক্ষ্য ছিল সফরকারী পাকিস্তানের। কিন্তু প্রথম দিনের অর্ধেক এবং দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও বৃষ্টির পেটে যায়। যার ফলে শঙ্কা জাগছে এ ম্যাচের ফলাফল নিয়ে।
২ উইকেটে ১৬১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল সফরকারী পাকিস্তান। ৬০ রান নিয়ে বাবর আজম ও ৩৬ রান নিয়ে আজহার আলি অপরাজিত ছিলেন। প্রথম দিনের খেলায়ও কয়েক দফায় হানা দিয়েছিল বৃষ্টি। ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল বৃষ্টির সম্ভাবনা।
এদিকে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে হেরে এরই মধ্যে পিছিয়ে রয়েছে মুমিনুলের দল। সিরিজে সমতা ফেরানোর অভিপ্রায়ে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।
এন-কে


আপনার মতামত লিখুন