খুঁজুন
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞানীরা পেঁয়াজের বিকল্প ‌‘চিভ-১’ উদ্ভাবন করেছেন!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১২:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞানীরা পেঁয়াজের বিকল্প ‌‘চিভ-১’ উদ্ভাবন করেছেন!

পেঁয়াজের ঝাঁঝে আমজনতার ‘চোখে জল’। মাস পেরিয়ে গেছে দেশের বাজারে পেঁয়াজের অস্থিরতা। হু হু করে বাড়ছে এর দাম। দুই দিন আগেই ডাবল সেঞ্চুরি করে ত্রিপল সেঞ্চুরির পথে পেঁয়াজের প্রতি কেজির মূল্য।

এমন যখন পরিস্থিতি তখন দেশবাসীর জন্য সুখবর নিয়ে এলেন কৃষি বিজ্ঞানীরা। তারা জানালেন, রান্নায় আর পেঁয়াজ ব্যবহার করা লাগবে না। এমন এক বিকল্প আবিস্কার করেছেন তারা যাতে পেঁয়াজের ঝাঁঝ পাওয়া যাবে।

দেশের মাটিতে পেঁয়াজের বিকল্প হিসেবে ‘চিভ’ নামক এক মসলা চাষে সফল হয়েছেন তারা।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা চিভ চাষে এই সাফল্য পেয়েছেন।

বারি এর আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূর আলম চৌধুরী জানান, চিভ মসলাটি উত্তর চীন, সাইবেরিয়া ও মঙ্গোলিয়া অঞ্চলের। দীর্ঘদিনের প্রচেষ্টায় সেই মসলার চাষ বাংলাদেশের মাটিতে করতে সফল হয়েছি আমরা।

শুধু তাই নয়; উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের লক্ষ্যে দীর্ঘদিন চিভের ওপর গবেষণা করেও সফলও হয়েছেন। তারা বারি চিভ-১ নামের একটি জাত উদ্ভাবন করেছেন যা বছর জুড়েই চাষ ও ফলনের উপযোগী।

এ গবেষণায় ড. মো. নূর আলম চৌধুরীকে সাহায্য করেছেন ড. মোস্তাক আহমেদ এবং ড. আলাউদ্দিন খান ও মোহাম্মদ মনিরুজ্জামান।

কি এই চিভ-১? এটি কি সত্যি পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে?

ড. মো. নূর আলম চৌধুরী জানান, চিভে পেঁয়াজ ও রসুনের স্বাদ বা গুণাগুণ রয়েছে। তাই আপৎকালীন সময়ে পেঁয়াজ-রসুনের বিকল্প হয়ে উঠতে পারে এই চিভ।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে চিভ সাধারণত স্যুপ, সালাদ ও চাইনিজ ডিসে ব্যবহৃত হয়। এর পাতা লিলিয়ান আকৃতির ফ্ল্যাট, কিনারা মসৃণ ও এর ভালভ লম্বা আকৃতির। মসলাটি হজমে সাহায্য ও রোগ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে ক্যান্সার প্রতিরোধী গুণাগুণও বিদ্যমান রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি-১, বি-২, নায়াসিন, ক্যারোটিন ও খনিজ উপাদান বিদ্যমান।

২০১৭ সালে বারি’র এই তিন বিজ্ঞানী উন্নত জাতের উচ্চফলনশীল চিভ উদ্ভাবনে গবেষণা শুরু করেন।

প্রথম দিকে দেশের পাহাড়ি এলাকা সিলেট ও চট্টগ্রামে চাষ হতে থাকে এটি। কিন্তু এখন পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, বগুড়া ও লালমনিরহাট এলাকায় চিভ চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলেছে জানান কৃষিবিদরা।

তারা বলেন, চিভ গাছ একবার লাগালে দীর্ঘদিন ধরে ফল পাওয়া যায়। বাড়ির আঙিনায় বা টবে এই ফসলের চাষ করা যায়।

এ বিষয়ে বারি’র মশলা ফসল বিশেষজ্ঞ ও গাজীপুর আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের (বিএআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শৈলেন্দ্র নাথ মজুমদার জানান, চিভকে পেঁয়াজ-রসুনের বিকল্প হিসেবে আদর্শ একটি মশলা হতে পারে। বাঙালিরা এতে অভ্যস্ত হওয়াই এখন সময়ের ব্যাপার। পেঁয়াজ-রসুনের ঘাটতি চিভ দিয়েই মেটানো সম্ভব হবে বলে মনে করছি আমরা।

প্রসঙ্গত বিবিএস ২০১৭ এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বাৎসরিক পেঁয়াজ উৎপাদন হয় ১৭.৩৫ লাখ মেট্রিক টন। কিন্তু চাহিদা রয়েছে ২২ লাখ মেট্রিক টন। এ ক্ষেত্রে পাশাপাশি চিভ ব্যবহার করলে বাকি ৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি নির্ভরতা কমে আসবে। পেঁয়াজের দাম হাতের নাগালের বাইরে চলে গেলেও সমস্যাটি এড়িয়ে যাওয়া যাবে।

Feb2

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি- নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পতিত ফ্যাসিবাদী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র বিরোধী সমাবেশ ও প্রতিবাদ মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
পতিত ফ্যাসিবাদী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র বিরোধী সমাবেশ ও প্রতিবাদ মিছিল

 

চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনকে সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে এবং পতিত ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ১২ জুন (শুক্রবার) বিকেল ৪টায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এক বিশাল সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির চলমান অপচেষ্টা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ করেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচিটি সফল ভাবে অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে প্রতিবাদ মিছিলটি জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জিইসি মোড়ে এসে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমান-এর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্য এরশাদ উল্লাহ এমপি বলেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে জনগণের অধিকার হরণ করা হয়েছে। গুম, খুন, লুটপাট ও দমন-পীড়নের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে।

তিনি বলেন, সেই অপশাসনের পক্ষে যারা বিভিন্নভাবে যুক্ত ছিল, তাদের অপতৎপরতা এখনো থেমে নেই; তারা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।” জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না।যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিশেষ অতিথির বক্তব্য আবু সুফিয়ান এমপি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের জনগণ ভয়, দমন-পীড়ন ও অনিয়মের মধ্যে ছিল। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও পরাজিত শক্তির দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। একটি মহল সরকারের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে সারাদেশে নাশকতা ও খুন-খারাবির চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, জনগণ এখন সচেতন—এই ধরনের ষড়যন্ত্র আর কখনোই সফল হতে দেওয়া হবে না গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য সাঈদ আল নোমান এমপি বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার অপচেষ্টায় এখনো লিপ্ত রয়েছে।তিনি বলেন, অতীতে গুম, খুন ও লুটপাটের রাজনীতি করে তারা দেশকে গভীর সংকটে ফেলেছিল, যার ক্ষত এখনো সমাজে বিদ্যমান। পরাজিত শক্তির দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্রে ব্যস্ত।

তিনি বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।নতুন রাজনৈতিক বাস্তবতায় ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, ইকবাল চৌধুরী, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম, এস এম আবুল ফয়েজ, মো. মহসিন, কামরুল ইসলাম, শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, জাফর আহমেদ, এ. কে. খান, মো. আজম ও আশরাফুল ইসলাম, মো. ইউসুফ।

উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ।

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

ফেসবুকে হঠাৎ করেই সমস্যা হচ্ছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না।

আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

ডাউন ডিটেক্টরও জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা সমস্যার ব্যাপারে রিপোর্ট করা শুরু করেছেন। ইতিমধ্যে সাড়ে ৭ হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন।

অনেক ব্যবহারকারী পুনরায় আর লগইন করতে পারছেন না। অনেকের স্ক্রিনে ইংরেজিতে ‘This page is not available right now’ সমৃদ্ধ বার্তা ভেসে উঠছে।

ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইন্সটাগ্রাম ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা এখনো জানা যায়নি। কতক্ষণ এ সমস্যা চলবে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী নিজেদের ভোগান্তির কথা জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, আবার কেউ ফিড লোডিং সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মেটা। পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।