দুঃখ প্রকাশ করে যা বললেন অনন্ত জলিল
ঢাকাই সিনেমার বহুল আলোচিত সমালোচিত এ জে খ্যাত নায়ক অনন্ত জলিল। তার অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘দিন- দ্য ডে’ মুক্তি পাওয়ার কথা ছিল গত শুক্রবার। সিনেমাটির মাধ্যমে সাত বছরের বেশি সময় পর প্রেক্ষাগৃহে ফেরার কথা ছিল এই নায়ক ও প্রযোজকের।
পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তি পায়নি সিনেমাটি। অবশ্য সেজন্য দুঃখ প্রকাশ করেছেন অনন্ত জলিল। কেন নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি, সে বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি।
ফেসবুক বার্তায় অনন্ত জলিল জানিয়েছেন, সবার কাঙ্ক্ষিত সিনেমা ‘দিন- দ্য ডে’র শুভ মুক্তি ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু আফ্রিকা মহাদেশসহ বিভিন্ন দেশে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে ইরানি প্রযোজকসহ সিনেমাটির সংশ্লিষ্টরা মুক্তি নিয়ে চিন্তায় আছেন। কারণ ইরানি সিনেমার বিদেশি দর্শকের বেশির ভাগ মানুষই রাশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের।
তিনি আরও জানান, বাংলাদেশ এবং ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার মূল প্রযোজক ইরানি। যারা মূলত এই সিনেমা নির্মাণে বেশির ভাগ অর্থ ব্যয় করেছেন। তাই করোনার প্রভাবে সিনেমার আর্থিক ও অন্যান্য পারিপার্শ্বিক কথা বিবেচনা করে মুক্তির দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। যে কারণে আমাদের দেশে সিনেমাটি পুর্ব নির্ধারিত তারিখে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
এই অভিনেতা ও ব্যবসায়ী আরও বলেন, ‘দর্শক ও আমার প্রিয় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি। বিজনেস মিটিং-এ দেশের বাইরে থাকায় বিষয়টি জানাতে দেরি হলো।’ আগেই অনন্ত জলিল জানিয়েছিলেন, ‘দিন- দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে।
সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন দেশে সন্ত্রাসী গোষ্ঠী দমনের অভিযানে অংশ নেবেন তিনি। সিনেমায় অনন্তর বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।
এন-কে


আপনার মতামত লিখুন