নিজঘরে ঝুলছিল গীতিকার রাসেল ও’নীলের মরদেহ
গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে রাসেল ও’নীল নামে পরিচিত এ গীতিকারের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, রাতের খাবার শেষে নিজের রুমে যান রাসেল ও’নীল। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা সম্ভব হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’—এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতা করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিংগেলও লিখেছেন তিনি। তার লেখা অধিকাংশ গানই দলছুট এবং বাপ্পা মজুমদারের গাওয়া।
এন-কে


আপনার মতামত লিখুন