ওমিক্রন বাধার মুখে বিশ্বব্যাপী বর্ষবরণ যেখানে যেমন
২০২২ সাল প্রথম পা রাখে ওশেনিয়া মহাদেশের সামোয়ার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং কিরিবাতিতে। এর ঘণ্টাখানেক পরে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড।
করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রকোপের মধ্যেই অস্ট্রেলিয়ার সিডনিতে হারবার ব্রিজ ও অপেরা হাউসকে কেন্দ্র করে বর্ষবরণে রংবেরঙের ছয় হাজার কেজি আলোকসজ্জা-দ্রব্য ব্যবহার করা হয়। তবে, ওমিক্রন বেড়ে যাওয়ার কারণে কড়াকড়ি আরোপিত অনেক শহরেই থেমে গেছে বা সীমিত পর্যায়ে করতে হয়েছে বর্ষবরণের উৎসব আয়োজন। ক্রিসমাসের ছুটির সময় বাতিল হয় হাজার হাজার ফ্লাইট, লোকজনকে পড়তে হয় ভ্রমণ বিড়ম্বনায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
এবার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বছরের প্রথম প্রহর পৌঁছাতে ২৬ ঘণ্টা পেরিয়ে যায়।
দেশে দেশে বর্ষবরণ
সিডনি, অস্ট্রেলিয়া : করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি সত্ত্বেও সিডনিতে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে এবারের বর্ষবরণ হয়েছে। তবে, আগে থেকে সিট বুকিং দেওয়া না থাকলে বা টিকাপ্রাপ্ত না হলে সিটি সেন্টার এড়িয়ে যেতে বলেছেন আয়োজকেরা।
দক্ষিণ আফ্রিকা : দ্রুত সংক্রমণশীল করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন প্রথম শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকায় মহামারির কারণে আরোপিত প্রায় দুই বছরের রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়া হয়েছে। ফলে দেশটির বর্ষবরণ নতুন মাত্রা পেয়েছে।
উত্তর কোরিয়া : ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে উত্তর কোরিয়ায় ছিল আতশবাজি ও আলোকসজ্জার আয়োজন। এর মধ্য দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ক্ষমতায় আরোহণের ১০ বছর পূর্ণ হলো।
দক্ষিণ কোরিয়া : ঘণ্টাধ্বনি বাজিয়ে বিশাল আয়োজনে প্রতি বছর রাজধানী সিউলে বর্ষবরণ আয়োজন হয়ে থাকে। এবার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন বেড়ে যাওয়ায় তা বাতিল করা হয়েছে।
ভারত : এপ্রিল ও মে মাসে ভারতে করোনাভাইরাস ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। তেমন ঢেউয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় এবার বর্ষবরণ উপলক্ষ্যে গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করে ভারতের বহু রাজ্য ও শহর। রাজধানী দিল্লিতে রাত ১০টার পর কারফিউ জারি করা হয়।
এন-কে


আপনার মতামত লিখুন