ইতিহাস গড়া মুমিনুলদের সুখবর দিল বিসিবি
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় এবার ক্রিকেটারদের বোনাস দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় ক্রিকেটারদের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স প্রত্যাশা করেন তিনি।
মাউন্ট মঙ্গানুইতে পেসাররা সাফল্য পাওয়ায় এবার ঘরের মাঠে স্পোর্টিং উইকেট তৈরির চিন্তা করছে বিসিবি। এদিকে টাইগারদের এমন জয়ে নির্বাচকদের দায়িত্ব আরও বেড়েছে বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ড্রেসিং রুমে এমন উল্লাস তো টাইগারদেরই মানায়। নিউজিল্যান্ডে অপ্রতিরোধ্য, দুরন্ত ও দুর্বার মুমিনুল-এবাদত-মুশফিকরা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য পাওয়ায় জয়ধ্বনিতে মেতে ওঠে লাল-সবুজরা।
৮ উইকেটের বড় ব্যবধানে কিউইদের হারিয়ে সিরিজ জয়ের আশা জাগিয়েছে টাইগাররা। অতীতেও দলের ক্রিকেটাররা ইতিবাচক পারফরম্যান্স করায় তাদের পুরস্কৃত করেছে বিসিবি। এবারও তার ব্যতিক্রম নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় ক্রিকেটার ও কোচিং স্টাফদের বিশেষ বোনাস দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে টেস্ট সিরিজে সবসময়ই প্রতিপক্ষের জন্য স্পিন বান্ধব উইকেট তৈরি করে থাকে বিসিবি। ফলে পেসাররা তাদের সেরাটা দিতে ব্যর্থ হয়। যদিও মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারানোর বড় কারিগর বাংলাদেশ দলের পেসাররা। তাইতো এবার কিউদের মাটিতে পেসাররা সাফল্য পাওয়ায় এবার ঘরের মাঠে স্পোর্টিং উইকেট তৈরির চিন্তা করছে বিসিবি।
প্রথম টেস্টের মতো ক্রাইস্টচার্চেও ক্রিকেটারদের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স প্রত্যাশা করেছে বিসিবি।
ঐতিহাসিক জয়ের পর টাইগার কান্ডারি মুমিনুল হক কৃতিত্ব দিলেন দলগত পারফরম্যান্সকেই। ম্যাচশেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুই দলই ম্যাচটি জেতার জন্য মরিয়া ছিল। তবে আমরা আমাদের বোলারদের দারুণ নৈপুণ্যে ম্যাচে এগিয়ে গিয়েছি। এবাদত-তাসকিনরা দুই ইনিংসেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে এবাদত অবিশ্বাস্য ছিল।
মুমিনুল বলেন, সবশেষ কয়েকটা টেস্ট ম্যাচে আমরা ভালো করতে পারছিলাম না। আর তাই নতুন বছরে ঘুরে দাঁড়ানোর তাড়না ছিল। অবশেষে সেটা পেরেছি। তবে এ মুহূর্তে জয়টা আপাতত ভুলে যেতে চাই। আমাদের এখন সব ভাবনা দ্বিতীয় তথা ক্রাইস্টচার্চ টেস্ট ঘিরে।
এন-কে


আপনার মতামত লিখুন