ইয়াসিরের সঙ্গে দুর্ব্যবহার করে শাস্তি পেলেন জেমিসন
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টে নিউজিল্যান্ড জয় পেলেও শাস্তির মুখোমুখি হয়েছেন দেশটির পেসার কাইল জেমিসন।
বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলী রাব্বির সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করায় আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১তম ওভারে ইয়াসিরকে আউট করে আগ্রাসী উদযাপন করেন জেমিসন। এসময় ইয়াসিরকে উদ্দেশ্য করে ব্যবহারের অনুপযুক্ত শব্দ প্রয়োগ করতেও দেখা যায় তাকে।
বিষয়টি নজরে আসে ম্যাচ অফিসিয়ালদেরও। জেমিসনের বিরুদ্ধে তাদের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই শাস্তি দেওয়া হয়েছে। জানা গেছে, জেমিসনকে শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
এ নিয়ে তৃতীয়বার ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গ করলেন জেমিসন এবং তিনবারই একটি করে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো তার নামের পাশে।
এদিকে, শেষ পর্যন্ত লিটন দাসের শতকও থামাতে পারল না বাংলাদেশের ইনিংস পরাজয়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানে পরাজিত হলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের ফলে ১-১ সমতায় শেষ হলো সিরিজ।
এদিকে সবাইকে অবাক করে নিজের শেষ টেস্টে বোলিং করেন রস টেইলর। আর সরনিও শেষ টেস্টে উইকেটও পান তৃতীয় বলেই। শরিফুলকে আউট করে টেস্ট ক্রিকেটের ইতি টানলেন টেইলর। এদিকে দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে ৪ উইকেট পেয়েছেন কাইল জেমিসন এবং তিনটি উইকেট পেয়েছেন ওয়াগনার।
এদিকে ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসেও যেখানে সবাই ব্যর্থ, সেখানে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে ফেলেন তিনি। তবে শতক করে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। ১০২ রানে জেমিসনের বলে কাঁটা পড়েন লিটন।
এদিকে তৃতীয় দিনের শুরুতে ওপেনার সাদমান এবং নাজমুলকে হারানোর পর দেখে শুনে খেলছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক এবং মোহাম্মদ নাঈম। তবে তারাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। আর প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো ইয়াসিরও ফিরে যান মাত্র ২ রান করেই। এরপর শত রানের জুটি গড়ে দলের হাল ধরেন লিটন ও নুরুল। তবে নুরুল আউট হলে একসময় একাই লড়ে যান লিটন। তবে লিটন যখন শতক করে আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফেরেন, তখনই শেষ হয় যায় সব আশা। আর তারপর ইনিংস পরাজয় আর এড়াতে পারেনি বাংলাদেশ।
এন-কে


আপনার মতামত লিখুন