চট্টগ্রামে করোনায় শনাক্ত বেড়ে ৫৫০
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৫০ জন। তবে এদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয় নি। শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ।
১৬ জানুয়ারি, রবিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬২ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৮৮ জনের মধ্যে লোহাগাড়ায় ৮, সাতকানিয়ায় ১২, বাঁশখালীতে ৬, আনোয়ারায় ৫, চন্দনাইশে ৯, পটিয়াতে ১৯, বোয়ালখালীতে ১৭, রাঙ্গুনিয়ায় ২৭, কর্ণফুলীতে ২, রাউজানে ৬, হাটহাজারীতে ৪১, ফটিকছড়িতে ২০, মিরসরাইয়ে ৪, সন্দ্বীপে ২ ও সীতাকুণ্ড উপজেলার ১০ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৪ জন, অ্যান্টিজেন টেস্টে ২৩৮ জন, শেভরন হাসপাতাল ৫৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩২ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৬ হাজার ১৯৪ জন। বাকি ২৮ হাজার ৭৮৩ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন