ইউক্রেনের বিষয়ে রাশিয়াকে স্পষ্ট পদক্ষেপের আহ্বান জার্মানির
ইউক্রেন সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে রাশিয়াকে স্পষ্টভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানিসহ ইউরোপের দেশগুলো।
সোমবার (১৭ জানুয়ারি) স্পেনের মাদ্রিদ সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেন, ইউক্রেনে ধীরে ধীরে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থেকে সরে না আসলে মস্কোকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই সোমবার স্পেন সফরে যান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। মাদ্রিদে পৌঁছানোর পর দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলেনে ইউক্রেন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন দুই দেশের সরকার প্রধান। এসময় যেকোনো মূল্যে ইউক্রেনের বিরুদ্ধে রুশ ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার তৈরি সংকট নিয়ে নতুন করে কিছু বলার নেই। খুবই নাজুক পরিস্থিতি সেখানে বিরাজ করছে। পুরো ইস্যুটা নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। আমরা চাই রাশিয়া যাতে ইউক্রেনে অস্থিতিশীল, নৈরাজ্য সৃষ্টি করা থেকে এখনই সরে আসে। আশা করি রাশিয়ার শুভ বুদ্ধির উদয় হবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার যুদ্ধাংদেহী আচরণে এখনই রাশ টানা উচিৎ। স্পেন সরকারের পক্ষ থেকে আবারো বলতে চাই, ন্যাটো এবং ইইউর সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও সীমান্ত সমস্যা নিরসনে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নাই।
বৈঠকে শলজ-সানচেজ আরও জানান, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ইউরোপীয় ইউনিয়ন বসে থাকবে না। সামরিক পদক্ষেপের জাবাব দিতে ইউরোপের দেশগুলো প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি।
একইদিন ইউক্রেন সফরে যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রুশ আগ্রাসন প্রতিহতে পাশে থাকার ঘোষণা দেন তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন