ফাউচি দিলেন আশা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হতাশা
সহসাই কোভিড মহামারির অবসান হচ্ছে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের মধ্য দিয়ে শেষ হবে কোভিড মহামারি- মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির এ বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় এ সতর্কবার্তা দিয়েছেন সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসুস।
কোভিড মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব। তবে এ মহামারি কবে শেষ হবে এ নিয়ে দ্বন্দ্বে খোদ গবেষকরা। প্রতিদিন করোনাভাইরাস নিয়ে নতুন নতুন তথ্য দিচ্ছেন তারা। ওমিক্রন তাণ্ডবের মধ্য দিয়ে শেষ হচ্ছে মহামারি। বিজ্ঞানীদের এমন আশার বাণীর মধ্যে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করে সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসুস বলেন, গেল সপ্তাহে বিশ্বজুড়ে ১৮ কোটি মানুষ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। আর এতেই বোঝা যায় কতটা ভয়াবহ উঠছে করোনাভাইরাস। তাই করোনাভাইরাস মহামারি ‘কোথাও অবসানের পথে নয়’ বলে সতর্ক করেন তিনি।
ওমিক্রনে মৃদু উপসর্গ ও ঝুঁকির মাত্রা কম থাকা নিয়েও হুঁশিয়ার করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, ওমিক্রন মৃদু অসুস্থতা তৈরি করে এমন বর্ণনা বিভ্রান্তিকর।
তেদরোস আধানম গেব্রিয়েসুস বলেন, ওমিক্রনের কারণে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা ঘটছে। এমনকি মৃদু রোগ উপসর্গের কারণেও চিকিৎসাকেন্দ্রগুলো উপচে পড়ছে। বিশ্বব্যাপী ওমিক্রনের অস্বাভাবিক বিস্তারের কারণে নতুন ধরন আসতে পারে, যে কারণে এটা অনুধাবন এবং পর্যালোচনা করা এখনও জটিল বিষয়। যে সব দেশে টিকা দেওয়ার হার কম, এমন অনেক দেশ সম্পর্কে আমি বিশেষভাবে শঙ্কিত। কারণ লোকজন যদি টিকা না পেয়ে থাকে, তবে তাদের গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর ঝুঁকি অনেক গুণ বেশি।
এর আগে ওমিক্রনের মধ্য দিয়ে প্রাণঘাতী মহামারির অধ্যায় শেষ কিংবা সাধারণ রোগের স্তরে পৌঁছাতে পারে বলে আশার কথা শোনান যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
এন-কে


আপনার মতামত লিখুন