করোনায় আক্রান্ত তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী
তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী। ওমিক্রণের ঊর্ধ্বগতির মধ্যে এবার করোনা আক্রান্ত হয়েছেন এ মেগাস্টার।
বুধবার (২৬ জানুয়ারি) এক টুইট বার্তায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান চিরঞ্জীবী। টুইটে চিরঞ্জীবী লেখেন, আমার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অস্বস্তি শুরু হতেই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। এর ফলাফল পজিটিভ আসে।
একইসঙ্গে তিনি আরও জানান, আপাতত তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। এ ছাড়া শেষ কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরও করোনার নমুনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন এ অভিনেতা।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার ভক্তদের মধ্যে। চিরঞ্জীবীর আরোগ্য কামনা করে পাল্টা টুইটও করেছেন তার ভক্তরা।
গত বছরও কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন চিরঞ্জীবী। তবে আক্রান্ত হওয়ার মাত্র চারদিনের মধ্যেই আবার করোনা নেগেটিভ হওয়ার কথা জানান তিনি। পরে চিরঞ্জীবী এ নিয়ে অভিযোগ করেন—ত্রুটিযুক্ত টেস্টিং কিট ব্যবহারের কারণেই প্রথমবার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে তার।
বর্তমানে চিরঞ্জীবী বেশ কিছু সিনেমার শুটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। তাছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আচার্য’ সিনেমাটি। কোরাতলা শিবা পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন রাম চরণ, কাজল আগরওয়াল, পূজা হেগড়েসহ আরও অনেকে। আগামী এপ্রিলে ছবিটি মুক্তির কথা রয়েছে।
এ ছাড়াও মেহের রমেশ পরিচালিত ‘ভোলা শংকর’, জয়রাম মোহনরাজা পরিচালিত ‘গডফাদার’ এবং ববি পরিচালিত ‘মেগা ১৫৪’ সিনেমা গুলোতেও দেখা যাবে এই অভিনেতাকে ।
এন-কে


আপনার মতামত লিখুন