চট্টগ্রামে করোনায় শনাক্ত ৭২৯

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৪ সকাল
চট্টগ্রামে করোনায় শনাক্ত ৭২৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৩৮ শতাংশ।

১ ফেব্রুয়ারি, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৩০ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৯৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ৭, বাঁশখালীর ৭, আনোয়ারার ২০, চন্দনাইশের ৪, পটিয়ার ২৭, বোয়ালখালীর ২২, কর্ণফুলীতে ১, রাঙ্গুনিয়ার ৯, রাউজানের ৩০, হাটহাজারীর ৩০, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ৫, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ১১ জন রয়েছেন।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৭ জন, অ্যান্টিজেন টেস্টে ৫৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩১ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৭ হাজার ৮০৭ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৩ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

Feb2
Feb2