খুঁজুন
, ,

রাশিয়া ইউক্রেন নিয়ে এত চিন্তিত কেন?

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 8 February, 2022, 12:03 pm
রাশিয়া ইউক্রেন নিয়ে এত চিন্তিত কেন?

ইউক্রেনের সীমান্ত জুড়ে রাশিয়ার লক্ষ সেনা বাহিনীর সমাবেশ। আর তাতেই উদ্বিগ্ন আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি। ইউরোপে আবারও যুদ্ধ-যুদ্ধ ভাব। আপাতত চলছে পারস্পরিক আক্রমণ ও হুঁশিয়ারির পালা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানাচ্ছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে আবার এক বিশ্বযুদ্ধ-পরিস্থিতি তৈরি হবে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে, চুপ থাকবে না তারাও। পুতিনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছেন বাইডেন।

চুপ নেই রাশিয়াও। তবে ইউক্রেনে সামরিক অভিযানের অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা। বলা যায়, আট বছর পর আবার ইউক্রেন নিয়ে রাশিয়া ও পশ্চিমের দেশগুলির মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। কিন্তু এই রাজনৈতিক এবং কূটনৈতিক অস্থিরতার শুরু কোথায়? কী নিয়েই বা পশ্চিমের দেশ ও রাশিয়ার সঙ্ঘাতের শুরু?

ইউক্রেন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং বর্তমান দ্বন্দ্ব

মস্কো এখন ইউক্রেন সরকারকে মিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার জন্য দোষারোপ করছে। ২০১৪ সালে দক্ষিণ ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়া নিজেদের দেশে অন্তর্ভুক্ত করার অনেক আগেই অবশ্য এই ইউক্রেন-সঙ্কটের সূত্রপাত। সে জন্য ফিরে তাকাতে হবে একটু পিছনে। তখন, ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ। গোড়া থেকে ইউক্রেনের একটা অংশ চায় পশ্চিম ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা। তারা চায় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদান করুক। আর প্রতিরক্ষার জন্য নেটো সামরিক জোটের সদস্য হোক। অন্য অংশ ঠিক এর উল্টোপথে। এঁরা জাতিগত ভাবে রুশ, ভাষাও রুশ।

ইউক্রেন সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ থাকার সময় ’৫৪ সালে রাশিয়ার মধ্যে থাকা ক্রিমিয়াকে ইউক্রেনের অধীনস্থ করা হয়। কিন্তু সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ধারণাও করতে পারেননি যে, কয়েক দশকের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সাধের সোভিয়েত ইউনিয়ন। আঁচ করতে পারেননি, ক্রিমিয়ার উপর মস্কোর আর কোনও নিয়ন্ত্রণ থাকবে না। যে নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া, ইউক্রেন জটিলতা চলবে বছরের পর বছর।

সোভিয়েত ইউনিয়নের পতন ও স্বাধীন ইউক্রেন

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করল বটে, কিন্তু সেখানে বসবাসকারীদের মধ্যে গড়ে উঠল দুই শিবির। রাশিয়া সীমান্তের কাছে উপস্থিত ইউক্রেনে বহু রুশ নাগরিক বসবাস করেন। তাঁরা রাশিয়ার পক্ষে। অন্য পক্ষ আবার পশ্চিমি দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ থাকতে চেয়েছে। তারা চায় ইউক্রেন নেটো-তে যুক্ত হোক। বাধে জট।

২০১৪ সালে ইউক্রেন প্রেসিডেন্ট ছিলেন ভিক্টর ইয়ানুকোভিচ। তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে গেলে তাঁকে চাপ দিতে শুরু করে রাশিয়া। অবশেষে আর চুক্তি হয়নি। এ দিকে পুতিনের চাপে কেন এত বড় বাণিজ্য চুক্তি থেকে ইউক্রেন বঞ্চিত হল এ নিয়ে দেশের মধ্যে শুরু হয়ে গেল সঙ্ঘাত। অবস্থা এমন দাঁড়াল যে, ইয়ানুকোভিচ সরকারের পতন হল এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এর মধ্যে ইউক্রেনে বসবাসকারী রুশরা ইউক্রেন সরকারের বিরুদ্ধাচারণ শুরু করলে তার সুযোগ নেয় রাশিয়া। পুতিন ক্রিমিয়া দখল করেন এবং তাকে রাশিয়ার ভূখণ্ড বলে ঘোষণা করেন।

রাশিয়া ইউক্রেন নিয়ে এত চিন্তিত কেন?

সাংস্কৃতিক যোগাযোগের ব্যাপার তো রয়েইছে। কিন্তু রাশিয়ার মতো এত বড় এবং শক্তিধর রাষ্ট্র কেন ইউক্রেন নিয়ে এত ভাবিত, এই প্রশ্ন উঠতেই পারে। উত্তর হল, এর সঙ্গে জড়িত রাশিয়ার নিজস্ব কিছু স্বার্থ। ক্রিমিয়ার সেভেস্তাপোলে রাশিয়ার নৌ-ঘাঁটি রয়েছে। এটাই রাশিয়ার কৃষ্ণ সাগরে ঢোকার একমাত্র পথ। তাই ইউক্রেন নেটো-তে যোগ দিলে এই সুযোগ আর রাশিয়ার হাতে থাকবে না। ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বের কথা চিন্তা করে রাশিয়া কোনও ভাবেই চায় না ইউক্রেন নেটোয় যোগ দিক।

তা ছাড়া, ইউক্রেনের সঙ্গে রাশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলির সীমান্ত রয়েছে। গোটা রাশিয়ায় সারা বছর সচল রাখা যায় এমন গুরুত্বপূর্ণ উষ্ণ জলের বন্দর আর কোথাও নেই। সেটা রয়েছে ক্রিমিয়ায়। শুধু কী তাই। বাল্টিক সাগরে রাশিয়ার প্রবেশপথই তো এই বন্দর। তাই ইউক্রেন যদি ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যায় পড়বে পুতিনের দেশ। এখন ইউরোপীয় প্রতিষ্ঠানগুলির দিকে ইউক্রেনের সাম্প্রতিক মাখামাখিতে তাই অসন্তুষ্ট পুতিন। আবার, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এবং নেটো-মিত্রদের সমন্বয়ে গঠিত পশ্চিমি জোট রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। এ নিয়েই শুরু হয়েছে আমেরিকার সঙ্গে রাশিয়ার বিরোধ।

রাশিয়ার পাশে চীন

ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া নিয়ে নেওয়ার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলি যখন রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে, তখন প্রেসিডেন্ট পুতিন চীনের দিকে তাকিয়েছিলেন। আশাতীত সাড়াও মিলেছিল। আমেরিকাকে উপেক্ষা করেই চীন তেল এবং গ্যাস কেনা নিয়েই রাশিয়ার সঙ্গে প্রায় চারশো বিলিয়ন ডলারের চুক্তি সই করে। যা সেই সময়ে রাশিয়াকে অর্থনৈতিক ভরাডুবি থেকে থেকে বাঁচিয়েছিল।

আবার যখন ইউক্রেন নিয়ে সঙ্ঘাতের পরিস্থিতি শুরু হয়েছে, তখন আবার চীনকে পাশে পেতে চায় রাশিয়া। সম্প্রতি বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রুশ প্রেসিডেন্ট। তবে কূটনৈতিক মহলের মতে, পুতিনের চীন সফর তার থেকেও গুরুত্বপূর্ণ। কারণ, সেই ইউক্রেন।

এন-কে

Feb2
Feb2

‘বাবাকে বাঁচান’, ‘পড়াশোনা বন্ধ হয়ে যাবে’, ‘ওষুধ কেনার টাকাও নেই’— মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 7:18 pm
‘বাবাকে বাঁচান’, ‘পড়াশোনা বন্ধ হয়ে যাবে’, ‘ওষুধ কেনার টাকাও নেই’— মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তি

কারও বাবার ক্যান্সারের চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। কেউ নিজেই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা চালাতে পারছেন না। বার্ধক্য, দীর্ঘদিনের অসুস্থতা, দারিদ্র্য কিংবা উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার সংগ্রাম—এমন নানা সংকটের কথা উঠে এসেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গণশুনানিতে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে আসা একাধিক সেবাপ্রত্যাশীর আবেদন ও অভিযোগ শুনেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে অনলাইনে অংশ নেওয়া পাঁচজন প্রবাসী বাংলাদেশির অভিযোগও শোনেন তিনি।

গণশুনানি শেষে চরম আর্থিক সংকটে থাকা নয়জনকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া চারজন দুস্থ নারীকে চাল, ডাল, তেল, চিনি, লবণ, মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়াসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন জেলা প্রশাসক।

গণশুনানিতে রাঙ্গুনিয়ার জাফর আহমদ চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তা চান। সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে চিকিৎসা ব্যয় বহন করাও তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

পূর্ব মাদারবাড়ীর পিংকি হিজড়া জানান, স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অর্থাভাবে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

বাঁশখালীর মর্জিয়া বেগম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। অন্যদিকে স্বামী-সন্তানহীন হাসিনা বেগম মানুষের বাসায় কাজ করে জীবনযাপন করলেও শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা চালানোর সামর্থ্য হারিয়েছেন।

লোহাগাড়ার এক গণমাধ্যমকর্মী তাঁর ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসার জন্য সহায়তা চান। একইভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেস্কে কর্মরত রিতা দাশ বাবার হৃদরোগ, কিডনি জটিলতা ও কোলন ক্যান্সারের চিকিৎসা ব্যয় বহনে অক্ষমতার কথা তুলে ধরেন।

পাহাড়তলীর আনোয়ারা বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর তিন মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে পিত্তথলিতে পাথর ধরা পড়লেও অর্থাভাবে অস্ত্রোপচার করাতে পারছেন না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থী সেলিম ভূঁইয়া তাঁর আবেদনপত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অসুস্থ বাবা ও দিনমজুর বড় ভাইয়ের সীমিত আয়ের কারণে তাঁর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষাজীবন অব্যাহত রাখতে তিনি এককালীন শিক্ষাবৃত্তি সহায়তা চান।

অন্যদিকে অনলাইন গণশুনানিতে কাতার, দুবাই ও ওমানে অবস্থানরত প্রবাসীরা পৈতৃক সম্পত্তি দখল, জাল দলিল তৈরি, পারিবারিক হয়রানি, প্রাণনাশের হুমকি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া রাঙ্গুনিয়া ও পটিয়ার দুই বাসিন্দাও জমি দখলের অভিযোগ করেন।

সব অভিযোগ শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।

গণশুনানি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের কষ্ট, একজন রোগীর চিকিৎসা কিংবা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ। সরকারি নীতিমালার আওতায় থেকে প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সেবা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব।”

তিনি বলেন, “জনগণ শেষ আশ্রয় হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। তাই প্রতিটি আবেদন গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্টদের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করা হয়।”

পাঁচলাইশে যুবককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 7:08 pm
পাঁচলাইশে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজাদ, পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, আজাদের এক বন্ধু তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ সেই বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যায়।

“আজাদকে হাসপাতালে নেওয়া ওই যুবক জানিয়েছে, ওই বাড়িতে বসে তারা তিনজন মিলে ইয়াবা সেবন করছিল। এসময় কেউ একজন আজাদকে গুলি করে। তবে বিষয়টি আমাদের সন্দেহজনক মনে হচ্ছে।”

পুলিশ কর্মকর্তা স্বপন বলেন, যে বাসায় এ ঘটনা ঘটেছে সেখানে কেউ বসবাস করেন না।

“আমাদের ধারণা সেখানে মাদকসেবীরা মাদক সেবন করে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আজাদকে হাসপাতালে নিয়ে আসা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে নিকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 July, 2026, 4:05 pm
তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে নিকার

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)।

উপজেলা তিনটি হচ্ছে- চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের ‘হালদা’।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এসব উপজেলা ও থানা অনুমোদন দেওয়া হয়।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

নিকার প্রস্তাব অনুযায়ী তিনটি নতুন উপজেলা হচ্ছে, চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।

চট্টগ্রামের হাটাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

তারেক রহমানের সভাপতিত্বে নিকার বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।