আল্লুর সঙ্গে জুটি বাঁধতে চান আলিয়া!
বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে বলিউডে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন মহেশকন্যা আলিয়া।
চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কিছু সিনেমা। তাকে পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে বাস্তব জীবনের হবু সঙ্গী রণবীর কাপুরের সঙ্গে । এ ছাড়াও দেখা যাবে দক্ষিণী পরিচালকের জনপ্রিয় সিনেমায় ক্যামিও চরিত্রে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এক দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেন আলিয়া ভাট।
গত বছরের শেষের দিকে মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান’। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে নিয়েছে এই সিনেমা। নেট নাগরিকদের আলোচনার অন্যতম বিষয় ‘পুষ্পা’। সিনেমার গল্প থেকে গান সেই সঙ্গে গানের স্টেপ সবকিছুই পেয়েছে জনপ্রিয়তা। নেটমাধ্যমে চোখ রাখলে এই সিনেমার গান থেকে তৈরি বিভিন্ন রিল চোখে পড়বে। এবার বলিউড ডিভা আলিয়া ভাট দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আলিয়া বলেন, “আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই আল্লু অর্জুনের ভক্ত। তাদের একটিই প্রশ্ন–আমি কবে আল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?”
আলিয়া আরও বলেন, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকা হয়। দুই নাম মিলিয়ে ভাটপরিবারের প্রশ্ন, ‘আলু, তুমি আল্লুর সঙ্গে কবে কাজ করবে?’ উত্তরে আলিয়া নাকি বলেন, ‘সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি!’
এদিকে আলিয়া রাজ মৌলির ‘আর আর আর’ সিনেমায় দুই দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং রাম চরণের সঙ্গে কাজ করেছেন। খুব শীঘ্রই সেই সিনেমা মুক্তি পাবে।
আলিয়া ভাটের হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘আর আর আর’, ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমায়।
এন-কে


আপনার মতামত লিখুন