বাংলাদেশীদের ইউক্রেন ছাড়তে সহায়তা দেবে সরকার
ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নাগরিকদের দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে। ইউক্রেনের দায়িত্বপ্রাপ্ত পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকেও বাংলাদেশীদের এমন পরামর্শ দেয়া হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, কেউ ইউক্রেন ছাড়তে চাইলে তাকে সরকার সহযোগিতা করবে।
এর আগে ইউক্রেনের দায়িত্বপ্রাপ্ত পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সঙ্গে বাংলাদেশীদের অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হলো। ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশীকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ইউক্রেনে থাকা বাংলাদেশীদের নিরাপত্তার বিষয়ে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশে বা অঞ্চলে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে সে অঞ্চলে থাকা বাংলাদেশীদের সাবধান করে দিই। এক্ষেত্রেও সেটি করা হয়েছে। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা নাগরিকদের সাবধান করেছে। আমরা কাউকে ছাড়তে বাধ্য করতে পারি না। ইউক্রেনে থাকা বাংলাদেশীরা ফেরত আসতে চাইলে সরকার সহযোগিতা করবে।
এন-কে


আপনার মতামত লিখুন