গুলির শব্দে লাফ দিয়েও রক্ষা হলো না প্রীতির
রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় ট্রেনের সিগন্যালে আটকে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। এ সময় ঘটনাস্থলে রিকশায় থাকাবস্থায় গুলিবিদ্ধ হন বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী সামিয়া প্রীতি (২২)।
পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় প্রীতির সঙ্গে রিকশায় ছিলেন তার বান্ধবী সুমাইয়া। প্রীতির বাসায় ওইদিন চট্টগ্রাম থেকে আত্মীয় আসায় তিনি বাসায় যেতে পারেননি। যদিও গত চার দিন তিনি খিলগাঁও তিলপাপাড়ায় বান্ধবী সুমাইয়ার বাসায় ছিলেন। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরছিলেন। কিন্তু বাসার কাছে এলে প্রীতির মা ফোনে জানান, বৃহস্পতিবারও বান্ধবী সুমাইয়ার বাসায় থেকে আসতে। চট্টগ্রাম থেকে প্রীতির মামা-মামি এসেছেন।
এরপর আবারও প্রীতি সুমাইয়াকে ফোন দিয়ে তার অবস্থার কথা জানান এবং তাকে নিতে উত্তর শাহজাহানপুর আমতলায় আসতে বলেন। এরপর বান্ধবী সুমাইয়ার বাসায় যেতে রিকশায় ওঠেন তারা দুজন।
সুমাইয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা খিলগাঁও তিলপাপাড়া যাওয়ার জন্য রিকশা নিই। রিকশায় ওঠার পরপরই হঠাৎ শব্দ শুনি। ভেবেছিলাম গাড়ির টায়ার ব্রাস্ট হয়েছে কি না। শব্দ শুনে একপর্যায়ে আমরা দুজন রিকশার দুদিক থেকে লাফ দিই।’
তিনি বলেন, ‘কিছুক্ষণ পর আমি দেখি প্রীতি মাটিতে শুয়ে আছে। সে উঠছে না। পাশের একজন বলল, প্রীতি হয়তো সেন্সলেস হয়ে গেছে। তাৎক্ষণিক আমি মনে করেছিলাম সে অজ্ঞান হয়ে পড়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারি সে গুলিবিদ্ধ হয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
পুলিশ জানায়, প্রীতির পিঠে গুলি লেগেছে। কে বা কারা গুলি করেছে, তা তদন্ত করা হচ্ছে। সেই এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ১১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে পশ্চিম শান্তিবাগে ভাড়া বাসায় থাকতেন সামিয়া আফরান জামাল প্রীতি।
প্রীতির বাবা জামালউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মেয়ে রাজধানীর বদরুন্নেসা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে খিলগাঁওয়ে একটি দোকানে দেড় মাস কাজ করেছিল। তা ভালো না লাগায় চাকরি ছেড়ে দেয়। মাসখানেক হলো সে কোথাও কাজ করছে না।’
এরপর রাত ১১টার দিকে প্রীতির ফোন থেকে পুলিশ ফোন দিয়ে দুর্ঘটনার বিষয়টি জানালে তারা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
এন-কে


আপনার মতামত লিখুন