খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্রকেই বন্দি করা হয়েছে : মির্জা ফখরুল
‘খালেদা জিয়াকে বন্দি করে মূলত গণতন্ত্রকেই বন্দি করা হয়েছে। স্বাধীনতার সব অর্জন মুছে দিয়ে অমানবিক দুঃশাসন টিকিয়ে রাখতে, জনগণকে কণ্ঠরুদ্ধ করতে নানা নিয়মকানুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। অমানবিক নিষ্ঠুরতার সীমাহীন আবর্তের মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়েছে।’
আজ শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘এ বছর আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছি। সুবর্ণজয়ন্তীর এ ক্ষণে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এ মহান দিবসে আমি মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সশ্রদ্ধচিত্ত্বে স্মরণ করি। আমি গভীর শ্রদ্ধা জানাই সব জাতীয় নেতার প্রতি, যাঁরা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন।’
‘রক্তধারায় স্নাত মহিমান্বিত আমাদের স্বাধীনতা’ উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘কথা ছিল একটি পতাকা পেলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। কিন্তু, দেশের মানুষ সেই সুখ, শান্তি পায়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
এন-কে


আপনার মতামত লিখুন