‘বিরক্তিকর’ সেই ছেলে কি প্রেমের দেখা পেল
মানুষ হিসেবে নিজেকে বিরক্তিকর মনে করতেন। আর তাই তো হেসে একবার বলেছিলেন, এ কারণেই তাঁর কোনও প্রেমিকা নেই। সেই মানুষটি কি প্রেমের দেখা পেল?
হুম, বলা হচ্ছে বলিউডের তারকা অভিনেতা অনিল কাপুরের ছেলে, হালের সেনসেশন হর্ষবর্ধন কাপুরের কথা। সম্প্রতি এক রহস্যময়ীর সঙ্গে হাত ধরে হাঁটতে দেখা গেছে হর্ষবর্ধনকে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে অন্তর্জালে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, মুম্বাই শহরে গেল রোববার এক তরুণীর সঙ্গে দেখা গেছে হর্ষবর্ধনকে। ওই দৃশ্য দেখে ভক্তদের চোখ কপালে উঠেছে। যদিও ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি।
রোববার বিকেলে মুম্বাইয়ের খার এলাকায় দুজনকে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। ভক্তদের এখন একটাই প্রশ্ন—কে উনি? কিন্তু তা জানা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, হর্ষবর্ধন পরেছেন ফুলেল সাদা-কালো শার্ট ও সাদা শর্টস। অন্যদিকে, ওই রহস্যময়ী পরেছেন নীল টাই-আপ টপ ও সাদা প্যান্ট।
কেন এত আলোচনা? কারণ, একবার টাইমস অব ইন্ডিয়াকে হর্ষবর্ধন বলেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্য হতে চান না তিনি। হর্ষের ভাষ্যে, ‘আমার গোপনীয়তা প্রয়োজন। আমি যেভাবে এটি দেখি এবং হয়তো এটি কিছুটা নির্বোধ ও আদর্শবাদী; কিন্তু আমি সিনেমা করতে, এ সম্পর্কে কথা বলতে এবং তারপর অদৃশ্য হয়ে যেতে পছন্দ করি। আমি খুব বিরক্তিকর মানুষ, তাই আমার কোনও গার্লফ্রেন্ড নেই (হাসি)।’
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, হর্ষবর্ধন কাপুরকে আগামীতে নেটফ্লিক্সের ‘থর’ সিনেমায় দেখা যাবে, যেখানে অভিনয় করেছেন তাঁর বাবা অনিল কাপুরও। এই প্রথম বাবা-ছেলে এক সিনেমায় কাজ করলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ।
এন-কে


আপনার মতামত লিখুন