নিখোঁজের দুইদিন পর নদীতে মিললো টমটম চালকের মরদেহ
বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে সুমন কর্মকার (২৬) নামের এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত থেকে নিহত সুমন নিখোজ ছিলো বলে জানায় তার পরিবার।
আজ ৬ এপ্রিল, বুধবার দুপুরে নদীর সাবেক বিলছড়ি বালুরচর পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন কর্মকার লামা পৌরসভা এলাকার বড় নুনারবিল পাড়ার বাসিন্দা মৃত সুরেশ কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর সাবেক বিলছড়ি বালুরচর পাড়া এলাকায় একটি মরদেহ ভেসে আসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এদিকে মৃত সুমন কর্মকারের মা জুলু কর্মকার জানান, গত সোমবার রাতে সুমন কর্মকার গ্যারেজে টমটম রেখে ছোটন নামের জনৈক বন্ধুর বাড়িতে রাতে থাকবে বলে মোবাইলে জানায়। তারপর থেকে সুমনের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হদিস না পেয়ে বুধবার থানায় অবগত করি।
তিনি বিলাপ করে আরও বলেন, আমার ছেলে ও সাবেক বিলছড়ি পাড়ার এক মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের কথা জানতে পেরে আমি ছেলেকে বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজতেছিলাম। অন্যত্র মেয়ে দেখার খবর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওই মেয়েই লোক লাগিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সিআইডি সদস্যদের প্রাথমিক সুরত হাল শেষে বিস্তারিত নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এন-কে


আপনার মতামত লিখুন