শুরু হচ্ছে জব্বারের বলীখেলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৯:১৯ রাত
শুরু হচ্ছে জব্বারের বলীখেলা

নানা সংশয়ের পর অবশেষ শুরু হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৩ তম আসর। এবার লালদীঘির মাঠের সংস্কার কাজের কারণে খেলা হচ্ছে মাঠ সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে হচ্ছে। বত্রিশ বছর ধরে রেফারির দায়িত্ব পালন করা আবদুল মালেক এবারও দায়িত্বে রয়েছেন।

আজ ২৫ এপ্রিল, সোমবার বিকেল তিনটায় খেলা ও মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, শামসুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এদিকে খেলার শুরুর আগে থেকেই বলীখেলার মঞ্চের চারপাশে ভিড় করে নানা বয়সের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মঞ্চের আশপাশে মানুষের চাপ বাড়তে থাকে। আনোয়ারা থেকে আসা শফিউল আলম নামে একজন জানান, আমি প্রতিবারই খেলা দেখতে আসি। গত দুই বছর করোনার কারনে খেলা না হওয়াতে আসতে পারিনি। এবার বলীখেলা হবে শুনে আগেভাগেই চলে এসেছি।

জব্বা‌রের বলি খেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী জানান, বিকেলে লালদিঘীর পাড়ের গোলচত্বরে সড়কে অস্থায়ী মঞ্চে বলীখেলা শুরু হয়েছে। এবা‌রের খেলায় ১০০ জন ব‌লি অংশ নি‌চ্ছেন। ব‌লি খেলাকে কেন্দ্র ক‌রে যা‌তে কেউ কোন ধর‌নের চাঁদাবা‌জি কর‌তে না পা‌রে সেজন্য ক‌ঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। মেয়র রেজাউল করিম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

উল্লেখ্য, ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার ১৩১৬ সনের ১২ বৈশাখ প্রচলন করেন ‘বলীখেলা’। তখন থেকে ২০১৯ সাল পর্যন্ত ১১০তম আসর নিয়মিত বসলেও করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে এই অনুষ্ঠান স্থগিত করা হয়। বলীখেলার আগের দিন থেকে শুরু করে পাঁচ দিনব্যাপী মেলা বসে লালদীঘির মাঠ ও আশপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে। তবে এ বছর লালদীঘি মাঠটির সংস্কার কাজ চলমান থাকায় বলীখেলা ও মেলার ১১৩তম আসর স্থগিত ঘোষণা করা হয়েছিল।

এন-কে

Feb2
Feb2