ইপিজেডে দোকান ও বসতঘরে ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৩:০১ বিকাল
ইপিজেডে দোকান ও বসতঘরে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর ইপিজেড কলসি দীঘির পাড় এলাকার দোকান ও বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান ও বসতঘর।

আজ ১৮ মে, বুধবার সকাল ১১টার পরে কলসি দীঘির পাড় ধুমপাড়া শাহবুদ্দিন শাহ মাজারের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিন ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন লাগার ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, ‘ সকাল ১১টার দিকে ইপিজেডের কলসি দীঘির পাড় ধুমপাড়া শাহবুদ্দিন শাহ মাজারের সামনের কয়েকটি দোকান ও বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।’

তিনি বলেন, আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ ছিলেন বলে জানতে পেরেছি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমরা ঘটনাস্থলে এখন ডাম্পিংয়ের কাজ করছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

এন-কে

Feb2
Feb2