শাহজালালে আট কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ২:৩৪ দুপুর
শাহজালালে আট কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণ আসার তথ্যে বিশেষ তল্লাশী চালায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।

এসময় প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের আট কেজি স্বর্ণসহ মো. আব্দুল আজিজ আকন্দ নামে বিমানের এক কর্মীকে আটক করা হয়। বুধবার রাতে স্বর্ণসহ তিনি আটক হন। আব্দুল আজিজ বিমানের ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন বলে জানা গেছে।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুল আজিজ আকন্দের শার্ট, প্যান্টসহ শরীরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

তিনি জানান, দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে স্বর্ণগুলো বাংলাদেশে আসে। আব্দুল আজিজের মাধ্যমে স্বর্ণগুলো পাচার হওয়ার কথা ছিল। তার বিরুদ্ধে মামলা হবে জানালেন এ কর্মকর্তা।

২৪ ঘন্টা/রাজীব

Feb2
Feb2