জনসংহতি সমিতির প্রধান চাঁদা সংগ্রাহককে হত্যা
রাঙ্গামাটির মগবানে জনসংহতি সমিতির (সন্তু গ্রুপ) প্রধান চাঁদা সংগ্রাহক বিক্রম চাকমাকে (৩৯) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার ভোরে রাঙ্গামাটির মগবান ইউনিয়নের বরাদম এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা বলছেন, রবিবার ভোরে ওই এলাকার আওলাদবাজারে গুলির শব্দ শোনা যায়। পরে দুপুরে গুলিবিদ্ধ ও কোপানো একটি মরদেহ দেখে শনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়। সম্ভবত চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে বিক্রম চাকমা প্রতিপক্ষের আক্রমণে নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে জঙ্গলে পালিয়ে গেছে।
একটি সূত্র জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান চাঁদা সংগ্রাহক জ্ঞান শংকর চাকমা নিহত হওয়ার পর তার স্থানে দায়িত্ব পান বিক্রম চাকমা। তিনি দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের প্রধান চাঁদা সংগ্রাহকের দায়িত্ব পালন করেছেন।
এদিকে শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তির একদিন আগে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান এলাকায় এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক রনি জানিয়েছেন, এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কেউ যোগাযোগ করেনি।


আপনার মতামত লিখুন