মুগ্ধতা ছড়াচ্ছে নাটক ‘ফুলের নামে নাম’
‘বড় ছেলে’, ‘উপহার’, ‘বুকের বা পাশে’, কিংবা ‘ব্যাচ ২৭’, প্রত্যেকটি নাটকই দর্শকদের মনে শক্ত ছাপ ফেলেছে। প্রত্যেকটি নাটকের গল্পে আছে ভিন্নতার ছোঁয়া। ছোটপর্দার এই নাটকগুলি দর্শকদের কাছে নাটকের পরিভাষাটাই পাল্টে দিয়েছে। কোথায় যেন নাটকের গল্পের মাঝে নিজেদেরই মিল পেয়ে যান নাটকপ্রেমীরা।
তাইতো দর্শকরাও মুখিয়ে থাকেন, অপেক্ষায় থাকেন ভিন্ন ধাচের এই নাটকগুলোর আশায়। যার কৃতিত্বের অনেকটা যাচ্ছে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের কাছে। সম্প্রতি মুক্তি পায় আরিয়ানের রোমান্টিক ঘরানার নতুন নাটক ‘ফুলের নামে নাম’। খুব সাধারণ একটি ভালোবাসার গল্প, কাহিনীকেও কতটা সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন এই নির্মাতা, তাই প্রকাশ পাচ্ছে নাটকপ্রেমীদের উচ্ছ্বাসে।
নাটকে অভিনেতা তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মানের জন্য দর্শকদের অন্য রকম ভালোবাসা জানান দিচ্ছে নাটকটির কমেন্ট সেকশনে। কমেন্ট বক্সে সাবলীল অভিনয়, গল্প মুগ্ধ করেছে নাটকপ্রেমীদের।
নাটকটির কনসেপ্ট সম্পর্কে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানালেন এক মজার তথ্য। আরিয়ান জানান, গাড়িতে জ্যামে বসে ছিলেন তখনই এক ছেলের হাতে বেলী ফুল দেখে ‘ফুলের নামে নাম’ নাটকটির কনসেপ্ট মাথায় আসে।
সেই সাথে নির্মাতার কাছে প্রশ্ন ছিল নতুন এই অভিনেত্রীকে বেঁছে নেওয়ার কারণ, সেই প্রসঙ্গে আরিয়ান জানালেন, তার গল্পের চরিত্রের জন্য সাদিয়া আয়মানের মতো এক সাধারণ মেয়ের প্রয়োজন ছিল। তখন সাদিয়ার বিভিন্ন বিজ্ঞাপন দেখে তাকে অভিনয়ে নেওয়ার কথা মাথায় আসে আরিয়ানের।
আর দর্শকদের এত ভালোবাসা, সাড়া পেয়ে বেশ খুশী এই নির্মাতা। বিশেষ করে অভিনেত্রী সাদিয়া আয়মানের সাবলীল অভিনয়, স্নিগ্ধ মুখ, মিষ্টি হাসি মন কেড়েছে সবার। অভিনয় দক্ষতার জন্য প্রশংসাও কুড়াচ্ছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাদিয়া জানান, চরিত্রটা সাধারণ হলেও কঠিন ছিল। তবে নির্মাতার সাহায্যে নিজের সর্বোচ্চ দিয়েছেন।
তাছাড়া তৌসিফের সাথে কাজ করে ভালো লাগার কথাও ব্যক্ত করেন অভিনেত্রী সাদিয়া। ২০১৯ সালে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া। কাজ করেছেন একের পর এক বিজ্ঞাপনের। ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিরিজটিতে ছোট্ট একটি অংশে কাজ করেছিলেন সাদিয়া।
এখন পর্যন্ত মোট ৫০ টি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বর্তমানের নাটক এবং সিনেমার শুটিংয়ের কাজ করছেন এই অভিনেত্রী। পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী।
এন-কে


আপনার মতামত লিখুন