বর্ষা, পূজাকে ছাপিয়ে মিম
দীর্ঘ খরা কাটিয়ে, বাংলা সিনেমা দেখতে হলমুখী হয়েছেন দর্শক। সেইসাথে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তিন বাংলা সিনেমা।
‘দিন- দ্য ডে’, ‘পরাণ’, ‘সাইকো’ তিন বাংলা সিনেমায় গমগম করছে দেশের প্রেক্ষাগৃহ। দর্শকের ভালোবাসা আর আবেগে সিক্ত হচ্ছেন সিনেমার অভিনয়শিল্পীরাও। তিনটা সিনেমায় তিনজন নায়িকার পারফর্মেন্স নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।
রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমাটির মধ্য দিয়ে বহুদিন পর বড় পর্দায় ফিরেছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার প্রধানতম অনন্যা চরিত্রে বলা চলে বিশাল এক দায়িত্ব কাঁধে নিয়েই এগিয়েছেন এই অভিনেত্রী। শতভাগ সফলতার সাথে সে দায়িত্ব পালন করেছেন মিম। যার প্রমাণ দর্শকদের মুখে প্রশংসার ফুলঝুরি। তাদের মতে মিমের ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ সিনেমা ‘পরাণ’। সিনেমা দেখে বের হয়ে আবেগআপ্লুত দর্শক জানান, মিমের অভিনয়ে মুগ্ধ তারা।
ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য দুটি সিনেমার প্রধানতম চরিত্রদের ছাপিয়ে উঠে এসেছে মিমের পারফরম্যান্স। নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ‘পরাণ’র কিছুটা নেতিবাচক চরিত্রে নিজেকে এতটাই ভালো খাপ খাওয়াতে পেরেছেন যে অনেকেই হল থেকে বের হয়ে সিনেমার অনন্যা চরিত্রের মত মিমকে অপছন্দ করছেন দর্শক, যেটা একজন অভিনয়শিল্পীর স্বার্থকতা বলে মনে করছেন মিম ভক্তরা।
‘পরাণ’র পাশাপাশি জোরেশোরেই চলছে ‘দিন দ্য ডে’। অভিনয়ে দাগ না কাটলেও বিশাল আয়োজনে দর্শকের নজর কেড়েছে এই সিনেমাটি। বর্ষাকে নিয়েও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনাও কম হয়নি ।
এদিকে নীরবে হলেও চলছে অনন্য মামুনের ‘সাইকো’। পূজা চেরী অভিনীত এই সিনেমা নিয়েও রয়েছে দর্শকের নিজস্ব মতামত। সেইসাথে পূজার অভিনয় নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন হলে আসা দর্শক।
সিনেমা যারই হোক, বাংলা সিনেমা দেখতে দর্শক হলে আসছেন এটাই এখন আশার আলো দেখাচ্ছে। এমনটাই জানান যমুনা ব্লকবাস্টার হল কর্তৃপক্ষ।
বিশ্বায়নের যুগে মানানসই গল্প ও আধুনিক নির্মাণ কৌশলে দক্ষ শিল্পীদের জন্ম দেবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। সেইসাথে বাংলা সিনেমার জয়জয়কার চলতেই থাকবে। এমনটাই প্রত্যাশা সকলের।
এন-কে


আপনার মতামত লিখুন