‘পাঠান’ হয়ে ওঠার রহস্য জানালেন শাহরুখের প্রশিক্ষক
প্রায় চার বছর পর ফিরছেন বলিউড বাদশা। আর তাই তো এই প্রত্যাবর্তনটা রাজকীয়ভাবেই করতে চান শাহরুখ খান।
আগের সব ভুল উতরে এবার এই অভিনেতা ফিরছেন নতুন ভাবে। আর এই ফেরায় কোনো কমতি রাখতে চান না শাহরুখ। তাই তো ৪৭ বছর বয়সে এসেও ‘পাঠান’-এর পেশিবহুল চেহারা পেতে দু-বছর পরিশ্রম করেছেন বলিউডের এই ‘বাদশা’।
অভিনয় বা নিজের পেশার প্রতি সুবিচার করতে তাই কোমর বেঁধে নেমেছেন তিনি। বয়সকে কেবল সংখ্যা হিসেবে ধরে ‘পাঠান’-এর জন্য নিজেকে তৈরি করেছেন শাহরুখ। ইতোমধ্যে বলিউডজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে ‘পাঠান’-এর লুক। টানটান, মেদবিহীন ও পেশিবহুল চেহারা। এ যেন এক অন্য শাহরুখ। তাকে দেখে বোঝার উপায় নেই তার বয়স।
এবার এই চেহারায় ক্যামেরার সামনে দাঁড়ানোর আগের লড়াইয়ের খবর প্রকাশ্যে এনেছে তারই প্রশিক্ষক প্রশান্ত সুভাষ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই প্রশিক্ষক বলেন, দু-বছর রীতিমতো কঠোর শরীরচর্চা করেছেন কিং খান। তিনি আরও বলেন, ‘প্রচুর ওয়েট লিফটিং করেছেন শাহরুখ। প্রথম দিকে লাগাতার সার্কিট ট্রেনিং এবং কার্ডিয়ো ওয়ার্কআউট করানো হতো। পরের দিকে আরও কঠোর পরিশ্রম করেছেন। একাধিকবার চোট পেয়েও পিছিয়ে যাননি। আর সব মিলিয়ে দু-বছরের এমন অধ্যবসায়ের ফসল কী, তা প্রত্যেকে পর্দায় দেখতে পাচ্ছেন। তার চেহারা, শারীরিক গঠন সবটাই আমূল পাল্টে গিয়েছে।’
২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দের এ সিনেমায় শাহরুখ ছাড়াও দুই মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
এন-কে


আপনার মতামত লিখুন