যুক্তরাষ্ট্রকে প্রধান হুমকি হিসেবে ঘোষণা দিল রাশিয়া
এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি ‘প্রধান হুমকি’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত নৌবাহিনীর জন্য একটি ডকট্রিনে এ কথা বলা হয়েছে।
ডকট্রিনে আর্কটিক এবং কৃষ্ণসাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) সাবেক সোভিয়েত সাম্রাজ্যের রাজধানী সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার নৌবাহিনী দিবসে পুতিন বলেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে জিরকন ক্রুজ মিসাইল যুক্ত হবে। এ সময় তিনি রাশিয়াকে একটি ‘বিশাল সমুদ্রশক্তিতে’ পরিণত করার জন্য জার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেন।
পুতিনের স্বাক্ষরিত ডকট্রিনে মহাসাগরগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা ও ন্যাটোকে সম্প্রসারণের মার্কিন প্রচেষ্টাকে রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।
৫৫ পৃষ্ঠার ওই দলিলে বলা হয়েছে, বিশ্বের মহাসাগরগুলোতে আধিপত্য বিস্তারের জন্য ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র) যে কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছে ও রাশিয়ার অভিমুখে ন্যাটোর বিস্তারের যে চেষ্টা করা হচ্ছে, তা মস্কোর জন্য ‘প্রধান চ্যালেঞ্জ ও হুমকি’।
দলিলে আরও বলা হয়েছে, রাশিয়ার স্বাধীন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিদ্বেষী নীতির কবলে পড়েছে। মহাসাগরগুলোসহ পুরো বিশ্বের ওপর পশ্চিমা দেশগুলো আধিপত্য বিস্তার করতে চায়।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পূর্বাভিমুখী বিস্তারের তীব্র সমালোচনা করছে রাশিয়া ও চীনসহ আরও কিছু দেশ। তাদের বক্তব্য, তিন দশকেরও বেশি সময় আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ন্যাটো জোট ভেঙে দেয়া উচিত ছিল।
এন-কে


আপনার মতামত লিখুন