জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ
হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক মঞ্চ। এ সময় অনতিবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান সংগঠনের নেতারা।
শনিবার (০৬ আগস্ট) দুপুরে নাগরিক মঞ্চের আয়োজনে জেলা নাট্য সংস্কৃতি সংস্থার সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, নাগরিক মঞ্চে সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব দীপন প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, শুক্রবার (০৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিন লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।
এতে জনগণের জীবিকা নির্বাহ দুঃসাধ্য হয়ে পড়েছে। জনগণকে জিম্মি করা হয়েছে। সবকিছুর মূল্যবৃদ্ধি করার কোনো যৌক্তিকতা নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে তেলের দাম বৃদ্ধি কেন। এতে দেশের মানুষের ভোগান্তির কোনো শেষ থাকবে না।
এ সময় অনতিবিলম্বে তেলের দাম কমানোর জোর দাবি জানান বক্তারা।
এন-কে


আপনার মতামত লিখুন