চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পেছালো
চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পেছালো। আদালত শুনানির জন্য আগামী ৩ নভেম্বর দিন নির্ধারণ করেন।
গতকাল ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এ সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নগরীর পাঁচলাইশ থানাধীন ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি অভিযোগে মহানগর ছাত্রলীগ থেকে অব্যাহতি পাওয়া সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও তার সহযোগী নোমান চৌধুরী রাকিবের বিরুদ্ধে মামলাটি করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, পাঁচলাইশ থানার চাঁদাবাজির মামলায় নুরুল আজিম রনি ও তার সহযোগী নোমান চৌধুরী রাকিবের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
তবে আসামিপক্ষ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করে। আদালত আগামী ৩ নভেম্বর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন।
এর আগে গত ২০ জুলাই পাঁচলাইশ থানার চাঁদাবাজির মামলায় নুরুল আজিম রনি ও তার সহযোগী নোমান চৌধুরী রাকিব আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
জে-আর/এম-জে


আপনার মতামত লিখুন