জঙ্গল সলিমপুরের আলীনগরে প্রশাসনের উপর সন্ত্রাসীদের হামলায় আহত ৬
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে প্রশাসন। বৃহস্পতিবার আলীনগরে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস।
জানা যায়, অবৈধভাবে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিল জেলা প্রশাসন। প্রশাসনের আল্টিমেটাম মাথায় নিয়ে সন্ত্রাসীদের আখড়া থেকে বের হতে চেয়েছিল সেখানকার বাসিন্দারা। তবে তাতে বাধ সাঁধে আলীনগরের সন্ত্রাসীরা। পরে সেখানে আটকে রাখা বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এসময় প্রশাসনের উপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ে। আহতরা হলেন— আনসার সদস্য বাবলু মন্ডল (২৮) এবং ছিন্নমূলের বস্তিবাসী মো. আলী রাজ হাসান সাগর (২৬), আমেনা বেগম (৩৫), আমেনা বেগম (৫০), মোহাম্মদ পারভেজ (২৭) ও মোহাম্মদ রসুল (২০)। এদের মধ্যে মো. আলী রাজ হাসান সাগরের অবস্থা গুরুতর।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এখানে প্রশাসনের কোনো উচ্ছেদ অভিযান ছিল না। জেলা প্রশাসনের কর্মকর্তারা জায়গা পরিদর্শনে এলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে আলীনগরের অবৈধ বাসিন্দারা। এরপর আমরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ি।’


আপনার মতামত লিখুন