‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এ ভিশন বাস্তবায়ন ত্বরান্বিত করবো : পেয়ারুল
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এ ভিশন বাস্তবায়ন ত্বরান্বিত করতে চট্টগ্রাম জেলা পরিষদকে মডেল হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন, নির্বাচিত হলে চট্টগ্রামের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের সকলস্তরের জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।
পেয়ারুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান পদে যারা দলীয় মনোনয়ন চেয়েছিলেন তারা প্রত্যেকে যোগ্য, সিনিয়র এবং আওয়ামী লীগের ত্যাগী নেতা। তাদের মধ্য থেকে আমাকে মনোনীত করায় প্রধানমন্ত্রী এবং মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, একসময় চট্টগ্রাম কোনো উন্নয়ন হয়নি। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নেয়ার পর উন্নয়ন অবকাঠামোতে এ বন্দর নগরীর চেহারা পাল্টে গেছে। পরিকল্পিত উন্নয়নের ফলে চট্টগ্রামের মানুষের জীবনধারায় আমূল উন্নতি সাধিত হয়েছে।
জে-আর


আপনার মতামত লিখুন