খুঁজুন
, ,

উপজেলা চেয়ারম্যানের মারধরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 23 September, 2022, 10:28 pm
উপজেলা চেয়ারম্যানের মারধরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারধরে আহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন (২০) মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি মারা যান। আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জীবনের মাথায় গুরুতর জখম ছিল। মাথার ভেতরে রক্ত জমে ছিল। জীবন এতটাই সংকটাপন্ন অবস্থায় ছিলেন যে অস্ত্রোপচার করে রক্ত বের করার কোনো উপায় ছিল না। লাইফ সাপোর্টে রেখে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি, ধীরে ধীরে আরো অবনতি হয়েছে। দুপুরে তিনি মারা গেছেন।

মৃত্যুর পর জীবনের মরদেহ আইসিইউ থেকে বের করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখান থেকে মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এদিকে নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত জীবন নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক। নলডাঙ্গার রামশার কাজীপুর শাহপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম ফরহাদ হোসেন শাহ। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামশার কাজীপুর আমতলী বাজার সংলগ্ন চারমাথা মোড়ে তাকে মারধরের ঘটনা ঘটে।

জানা গেছে, মারধরের শিকার হওয়ার দুই দিন আগে রামশার কাজীপুর আমতলী বাজার জামে মসজিদের মাইকের যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ওই গ্রামের কয়েকজনকে সন্দেহ করেন। এ নিয়ে সালিস-বৈঠক বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। চেয়ারম্যান তার প্রতিবেশী চাচাতো ভাই জীবনকেও জোরপূর্বক দোষি সাব্যস্ত করেন। পরে জীবন নিজেকে নির্দোষ দাবি করেন এবং উপজেলা চেয়ারম্যান আসাদকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আসাদ। উপজেলা চেয়ারম্যান তাকে ডেকে পাঠান। জীবন সেখানে গেলে মারধর করা হয় তাকে। খবর পেয়ে জীবনের বাবা ফরহাদ হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। ২০ সেপ্টেম্বর দুপুর থেকেই আইসিইউতে ছিলেন জীবন।

সেদিনই সন্ধ্যায় এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে জীবন মারা গেছেন। উপজেলা ছাত্রলীগ শোকবার্তাও দেয়। এতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উপজেলা চেয়ারম্যানসহ হামলাকারীদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডও চাওয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগ-ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের দাবি করেন। পরিস্থিতি বেগতিক দেখে আত্মগোপনে চলে যান উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান আসাদ। এখনো তিনি আত্মগোপনে।

জীবন ও তার বাবার ওপর হামলার ঘটনায় নলডাঙ্গা থানায় আগেই একটি মামলা হয়েছে। জীবনের মা জাহানারা বেগমের দায়ের করা এ মামলায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে (৪৫) প্রধান আসামি করা হয়েছে। অন্য দুই আসামি হলেন উপজেলা চেয়ারম্যানের বড় ভাই ফয়সাল শাহ ফটিক (৫৩) এবং ছোট ভাই আলিম-আল রাজি শাহ (৩৭)। তাদের মধ্যে আলিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার জীবনের মৃত্যুর খবর পৌঁছলে এলাকায় আবার উত্তেজনা দেখা দিয়েছে। সতর্কতা হিসেবে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক আছি। অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

ওসি জানান, জীবন ও তার বাবার ওপর হামলার ঘটনায় করা মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 7:54 pm
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

শনিবার (১০ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে বন্যায় সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সকল সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ত্রাণ বাবদ ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রাখা হয়েছে বিজিবি, সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ সরকারি বিভিন্ন বাহিনীকে। প্রস্তুত করা হয়েছে ১ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রে ওষুধ, স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার নানা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ড. মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে, শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 7:13 pm
দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী এবং বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার (১১ জুলাই) দুপুরে৷ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কী লাগবে, কী প্রয়োজন—সবকিছু তিনি জানেন। গতকালও তিনি আমাকে বলেছেন, আপনি সেখানে যান, কী কী লাগবে দেখে আসেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আজ আপনাদের মাঝে এসেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টাই চিন্তা করেন। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।

এম ইকবাল হোসেইন বলেন, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:38 pm
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পাহাড় ধসের ঝুঁকি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে সরকারি খাসজমি ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবহার করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।

নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের কারণে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে এর বিরূপ প্রভাব পড়বেই।

বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় ওষুধ মজুদ রয়েছে। সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্ভাব্য রোগব্যাধি প্রতিরোধে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পুনর্বাসনে সরকার কাজ করবে। কৃষি উৎপাদন পুনরুদ্ধারের মাধ্যমে স্থানীয় অর্থনীতি সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

শিশু খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় পানি পরিশোধন যন্ত্র ও বোতলজাত পানি সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বন্যাকবলিত জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।