চন্দনাইশে আটমাসে ৫ কোটি টাকার মাদক উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাদক নিয়ন্ত্রণে দৃঢ় প্রত্যয়ে কঠোর কাজ করে যাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন চলতি বছরের জানুয়ারি মাসে অফিসার ইনচার্জ হিসেবে চন্দনাইশ থানায় দায়িত্ব গ্রহণের পর মাদক বিস্তার রোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে তার নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান আরো জোরদার করা হয়েছে। ওসি আনোয়ারের কঠোর পরিশ্রম ও বিভিন্ন কলাকৌশল এর মাধ্যমে এসব মাদক উদ্ধার করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মাসে চন্দনাইশের ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন স্থানের পাশাপাশি চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে চলতি বছর জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ আট মাসে প্রায় ১ লাখ ৬০ হাজার পিসের বেশী ইয়াবা উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
গত আট মাসে ৮’শ ২১ লিটার চোলাই মদ ও ৬’শ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করার পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে প্রায় এক লাখ টাকা। এছাড়া প্রায় ৩ লাখ ৫০ হাজার পিস অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে।
এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি টাকার অধিক। এসব ঘটনায় মোট ৭৬টি মামলায় ১’শ ৪ জন আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ইয়াবা পাচার রোধে চন্দনাইশ থানা পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ। এরপরও অনেক পাচারকারী অভিনব কৌশলে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে তাদের রুট পরিবর্তন হয়।
এর মধ্যেও কিন্তু পুলিশ হাল ছাড়েনি। ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও ইয়াবা কারবার নিয়ন্ত্রণে পুলিশ ও বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার রোধে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো জানান, দেশকে মাদকের ভয়াল থাবা থেকে উদ্ধার এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন