অষ্টমীর দিন সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোববার (২ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন অর্থাৎ সোমবার (৩ অক্টোবর) সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শনিবার (১ অক্টোবর) থেকে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) হবে অষ্টমী পূজা।
এর আগে দেশের বাজারে গেল ২৬ সেপ্টেম্বর সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। এসময়ে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৪ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০১ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭০ টাকা করা হয়।
এ দাম ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
এন-কে


আপনার মতামত লিখুন