৩৫তম টোকিও চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল
দীর্ঘ ৩ বছর পর ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে আজ। বিশ্বের প্রথম সারির ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে একটি ধরা হয় এই উৎসবকে।
করোনা মহামারির দীর্ঘ বিরতি কাটিয়ে জমকালো এ চলচ্চিত্র উৎসবের এ আসর আজ ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ দিন পর্যন্ত।
আয়োজনের প্রথম দিনে ছিল বিশেষ আকর্ষণ তারকাদের বিশেষ সম্মান প্রদর্শনের রেড কার্পেট। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হয় কাঙ্ক্ষিত এ আয়োজনটি।
উৎসব ভেন্যু জাপানের টোকিও মিডটাউন হিবিয়া থেকে শুরু হয় এই রেড কার্পেট। লালগালিচায় হাঁটেন জাপানসহ বিভিন্ন দেশের খ্যাতিমান আর জনপ্রিয় তারকারা।
বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম এই টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টোকিও শহরের হিবিয়া, ইয়ুরাকুচো, মারুনাউচি ও গিনজা এলাকায় চলবে উৎসবের বর্ণিল নানা আয়োজন।
এবারের আসরে ১০৭টি দেশের ১ হাজার ৬৯৫টি সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে ১৬৯টি চলচ্চিত্রকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে আটটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে।
এবারের আয়োজনে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে জেজে তাকাহিসা পরিচালিত ‘ফ্র্যাগমেন্টস অব দ্য লাস্ট উইল’। আর সমাপনী চলচ্চিত্র হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকার অলিভার হারমানাস পরিচালিত ‘লিভিং’। উৎসবের পুরো আয়োজন সরাসরি বসলেও এবার বাণিজ্যিক শাখা টিআইএফএফকম বসবে অনলাইনে।
প্রতিযোগিতা বিভাগ ছাড়াও এবার আসরে থাকছে এশিয়ান ফিচার বিভাগ, গালা সিলেকশন, ওয়ার্ল্ড ফোকাস, জাপানিজ এনিমেশন, ইয়ুথ, টিআইএফএফ সিরিজ, জাপানিজ ক্লাসিকস বিভাগ। এসব বিভাগে শতাধিক সিনেমা প্রদর্শন করা হবে। আগামী ২ নভেম্বর এই জমকালো চলচ্চিত্র উৎসবের আলো নিভবে।
এন-কে


আপনার মতামত লিখুন