খুঁজুন
, ,

রবি—দৃষ্টি ডিবেট এ চবি ও কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 November, 2022, 6:36 pm
রবি—দৃষ্টি ডিবেট এ চবি ও কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন

‘এ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ সমর্থন করে’ বিষয় নিয়ে ছায়া সংসদে তুমুল বিতর্ক। সরকারি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এ বিষয় নিয়ে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে। চ্যাম্পিয়ন হয়েছে বিষয়ের বিপক্ষে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

গত ১২ নভেম্বর (শনিবার) সকালে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে রবি—দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপের এ প্রতিযোগিতায় ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেদোয়ান জাকির অন্তু এবং টুর্নামেন্ট সেরা বিতার্কিক হয়েছে যুগ্মভাবে আইমানুল ইসলাম সাইফার (ঢাকা আইবিএ) ও আয়ান ভৌমিক (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

২৮তম স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বিষয়বস্তু ছিল ‘এই সংসদ মনে করে শিল্প এবং সাহিত্যে কোনো ধরনের সেন্সরশিপ থাকা উচিত না’। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিষয়ের বিপক্ষে থাকা চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং রানার আপ হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়।

ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের তানভীরুল ইসলাম ফাহিম এবং টুর্নামেন্ট সেরা বিতার্কিক হয়েছেন যুগ্মভাবে অনন্যা সরকার রিতু (বাওয়া) ও আদিবা ইসলাম (অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়)।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাঈল খান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দায়, সানশাইন অ্যাডুকেশন এর চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, লেখক ডা. আবু সাঈদ শিমুল এবং রবি আজিয়াটা লিমিটেড এর ভারপ্রাপ্ত ক্লাস্টার পরিচালক আশরাফুল কবির রিয়াদ।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না,

যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও বিতর্ক সম্পাদক সোসাইন সামী।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাঈল খান বলেন, বিতর্ক সিদ্ধান্তে পৌঁছাতে শেখায়, শ্রোতাকে বুঝিয়ে কথা বলতে শেখায়।

সহযোগিতা, সৃজশীলতা, ক্রিটিক্যাল থিংকিং ও উপযুক্ত যোগাযোগ, এই সবকিছুর চর্চা করতে হবে একবিংশ শতাব্দীতে এগিয়ে যেতে হলে। জীবনে যা শিখবে তা বুঝে প্রয়োগ করতে হবে জনকল্যাণের জন্য।

রবি আজিয়াটা লিমিটেডের ভারপ্রাপ্ত ক্লাস্টার পরিচালক আশরাফুল কবির রিয়াদ বলেন, নতুন প্রজন্মের প্রতিভাবানদের যুক্তির শক্তিতে প্রজ্জ্বলিত করে সামনে এগিয়ে নিতে পারে এমন আয়োজনকে রবি সবসময় সাধুবাদ জানায়।

দৃষ্টির সাথে এত বছর ধরে এই আয়োজন করতে পেরে আমরাও গর্বিত। বিশ্বায়নের এই যুগে পড়াশুনার সাথে সহশিক্ষা কার্যক্রমেও নিজেকে নিয়মিত করতে হবে এবং নেতৃত্ব, যোগাযোগ সহ জীবনমুখী দক্ষতার সমন্বয়ে নিজেকে তৈরি করে নিতে হবে।

এই প্রতিযোগিতায় স্কুল বিতর্কের ২৮তম আয়োজনে চট্টগ্রামের ৩০টি স্কুল এবং ১৮তম বিশ্ববিদ্যালয় বিতর্কে সারা দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ করে।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:42 am
ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তবে সেই ধাক্কা দারুণভাবে সামলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ বা নক-আউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়াটরা। ঘানার বিপক্ষে এই রোমাঞ্চকর জয়ে রানারআপ হিসেবেই পরের রাউন্ডের টিকিট কাটলো তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে লড়তে থাকে দুই দল। তবে ম্যাচের ৩০তম মিনিটে ডেডলক ভাঙেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পিটার সুচিচ। ৩১তম মিনিটে ভিএআর চেকের মাধ্যমে রেফারি গোলটির চূড়ান্ত বৈধতা দেন। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে গোলের নেশায় বুঁদ হয়ে উঠে ঘানা। অবশেষে ম্যাচের ৭৩তম মিনিটে আসে সমতাসূচক গোলটি। আর্নেস্ট নুয়ামাহর নেওয়া ফ্রি কিকে বক্সের ভেতর দূরের পোস্টে থাকা ডেরিক লুকাসেন ভলিতে বলটি জালে পাঠান। সহকারী অফসাইডের পতাকা তুললেও ভিএআরের মাধ্যমে গোলের বৈধতা দেন রেফারি।

তবে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি ঘানা। ১০ মিনিট পরেই আবারও লিড নেয় ক্রোয়েশিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলা ভ্লাসিচ। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:32 am
পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

England's Harry Kane (9) scores his side's second goal past Panama goalkeeper Orlando Mosquera (22) during the World Cup Group L soccer match between Panama and England in East Rutherford, N.J., near New York, Saturday, June 27, 2026. (AP Photo/Yuki Iwamura)

দিন তিনেক আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল ইকুয়েডর। সেই নিউজার্সি স্টেডিয়ামে এরকম কিছুর আভাসই দিচ্ছিল পানামা। কিন্তু সেটা আর হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ড ২-০ গোলে সহজেই ম্যাচটি নিজেদের করে নেয়।

হ্যারি কেইনের ইংল্যান্ড প্রথমার্ধে পানামা বক্সে নিয়মিত ব্যতিব্যস্ত রেখেছিল। একের পর এক আক্রমণ করলেও গোল পায়নি টুখেলের শিষ্যরা। পানামা রক্ষণ ঠিক রেখে মাঝে-মধ্যে আক্রমণ করে ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল।

পানামার এই ম্যাচে হারানোর কিছু ছিল না। টুর্নামেন্টে আগেভাগে বিদায় নেয়া দলের মধ্যে পানামা অন্যতম। ইংল্যান্ডের পরের রাউন্ড নিশ্চিত হয়েছে। এই ম্যাচটি শুধু গ্রুপসেরা হওয়ার। এরপরও পানামার বিপক্ষে পয়েন্ট হারালে ইংল্যান্ডের প্রভাব প্রতিপত্তির উপর বড় চাপের শঙ্কা ছিল। গোল না হওয়া পর্যন্ত তাই ইংলিশ সমর্থকরা ছিলেন তুমুল চাপে।

ইংল্যান্ডকে চাপমুক্ত করেন বেলিংহাম। ৬২ মিনিটে কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় বা পায়ে নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান। গোললাইন অতিক্রম করার পর ইংলিশ সমর্থকরা হাফ ছেড়ে বাঁচেন। তখন নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ গানে মুখরিত হয়।

ম্যাচ জুড়ে পানামা বক্সে থেকে গোলরক্ষক ও ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখা হ্যারি কেইন মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়৷ কর্নার থেকে এবারও ম্যান মার্কিংয়ে ভুল পানামার ডিফেন্ডারদের ৷ হ্যারি কেইন দারুণ দক্ষতায় লাফিয়ে হেডে পরাস্ত করেন গোলরক্ষককে। আবার নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ সমর্থকদের উল্লাস।

৬০ মিনিট পর্যন্ত প্রায় সমানতালে খেলা পানামা ৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে খেলা থেকে ছিটকে যায়। ম্যাচের বাকি সময় অনেকটা পরিকল্পনাহীন ফুটবলই খেলেছে মধ্য আমেরিকার দেশটি। জয় সুনিশ্চিত হওয়ায় ইংলিশ কোচ টুখেল ফুটবলার পরিবর্তন করে খানিকটা পরখ করেন। ম্যাচটি শেষ হয় ২-০ ব্যবধানেই।

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।