কোথায় গেল বিএনপির হুঙ্কার : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “১০ ডিসেম্বর নাকি দেশ চালাবেন বেগম খালেদা জিয়া। কোথায় গেল হুঙ্কার? বাংলার মানুষ চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।”
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপির এক নেতা বলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করবে। এটা কি আপনারা করবেন? এদের হাতে রক্তের দাগ। ১৫ আগস্টের রক্তের দাগ, ২১ আগস্টের রক্তের দাগ। এরা করবে রাষ্ট্র মেরামত।”
সেতুমন্ত্রী আরও বলেন, “যাদের সময় দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন, যাদের নেতার বাংলাদেশের আদালতে জেল হয়েছে, রাজনীতি করব না বলে মুচলেকা দিয়েছে, সে নাকি দেশ চালাবে।”
ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার জীবনের প্রতিটা মুহূর্ত ঝুঁকিপূর্ণ। পঁচাত্তরের পরে ঝুঁকিপূর্ণ কেউ নেই। আল্লাহ এ দেশে দুজন মানুষকে সৃষ্টি করেছেন। একজন বঙ্গবন্ধু, যিনি স্বাধীনতা এনে দিয়েছেন। আর মুক্তি এনে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আজ ১০০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মেট্রোরেল আসবে উত্তরা থেকে আগারগাঁও, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল করেছি।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “যুব মহিলা লীগ রাজপথের সাহসী যোদ্ধা, তারুণ্যের প্রদীপ্ত শিখা, স্বৈরাচারের দুঃসাহসের বিরুদ্ধে বৈশাখী ঝড়। যুব মহিলা লীগ বাংলাদেশের রাজনীতিতে বিস্ময়কর আবিষ্কার। যুবদের জন্য যুবলীগ, মহিলাদের জন্যে মহিলা লীগ। তাহলে যুবতীদের কী হবে? তখনই শেখ হাসিনা যুব মহিলা লীগ আবিষ্কার করেন।”


আপনার মতামত লিখুন