খুঁজুন
রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশের লজ্জা শ্রীলঙ্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ
হোয়াইটওয়াশের লজ্জা শ্রীলঙ্কার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও সেই ছন্নছাড়া শ্রীলঙ্কাকে দেখা গেল। তিন ম্যাচ টি-টোয়েন্টির সবক’টিতে জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল আফ্রিকানরা।

এর আগে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই শোধটাই এবার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিল প্রোটিয়ারা।

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ থেকে ছিটকে পড়া দাসুন শানাকারা হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছিল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)। কিন্তু এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটে বিশ্রীভাবে হারল শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে লঙ্কান ব্যাটসম্যানরা। ১৮ এবং ১৯ রানের মাথায় পরপর দুই উইকেট হারিয়ে বসে থাকে তারা। ওপেনিংয়ে নেমে কুশল পেরেরার ৩৯ এবং নয়ে ব্যাট করতে নেমে চামিকা করুণারত্নের অপরাজিত ২৪ রানই সম্বল ছিল শ্রীলঙ্কার। বাকিরা কেউ দুই অঙ্কের কোটাই অতিক্রম করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে শ্রীলঙ্কা।

দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার সামনে সাদামাটা লক্ষ্যই দিয়েছিল শ্রীলঙ্কা। আর তাই সহজ এই লক্ষ্যে পৌঁছাতে বেশি কসরতও করতে হয়নি প্রোটিয়াদের। ওপেনিং জুটিই হাসতে হাসতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রেজা হেন্ড্রিক্স ব্যক্তিগত ৫৬ করে অপরাজিত থাকেন। কুইন্টন ডি’কক অপরাজিত ৫৯ রান করেন। ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে এমন লজ্জার হারের পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পরেও সমালোচকদের তোপের মুখে পড়েছিল লঙ্কানরা। একযোগে সব খেলোয়রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আনফলো’ করে প্রতিবাদে শামিল হয়েছিল দেশটির ক্রিকেট ভক্তরা।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে ভারতে টি-টোয়েন্টি সিরিজে হারায় দাসুন শানাকারা। আর এতে করে নতুন করে আশাও দেখতে শুরু করে ভক্ত-সমর্থকরা। কিন্তু আবারও ব্যর্থতার বৃত্তে বন্দি লঙ্কান ক্রিকেট। বিশ্বকাপ শুরুর আগে যা নিঃসন্দেহে খারাপ বার্তা।

এদিকে, লঙ্কান ক্রিকেটের এমন লজ্জার দিনেই মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আরেকবার মন ভাঙল দেশটির ক্রিকেট ভক্তদের। এদিনই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন লঙ্কান কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মালিঙ্গা।

টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আগেই। বিদায় জানিয়েছেন ফ্যাঞ্চাইজি ক্রিকেটকেও। তবে টি-টোয়েন্টি চালিয়ে যাচ্ছিলেন। এবার এই ফরমেট থেকেও বিদায় নিলেন এই ৩৮ বছর বয়সী এই স্টাইলিশ পেসার।

এন-কে

Feb2

সারা দেশে বজ্রাঘাতে ১৩ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
সারা দেশে বজ্রাঘাতে ১৩ জনের প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন এবং পঞ্চগড়ে ১ চা শ্রমিক ও জামালপুরে ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন।

গাইবান্ধা

গাইবান্ধায় বজ্রপাতে রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ৫ জন নিহত হয়েছেন।

এদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে ৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রায় একই সময় পৃথক বজ্রপাতে ফুলছড়ির জামিরার চরের ১ যুবক ও সাঘাটায় উপজেলায় ১ বৃদ্ধ নিহত হন।

সুন্দরগঞ্জে নিহতরা হলেন- ধোপাডাঙ্গা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ওরফে সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)।

এদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা।

অন্যদিকে প্রায় একই সময়ে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে বজ্রপাতে নিহত মানিক হোসেন (২২) ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

তিনি একটি ঘোড়া নিয়ে বালু চর ধরে বাড়ি ফিরছিলেন। বজ্রপাতে তিনিসহ ঘোড়াটিও মারা যায়। স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার মাহফুজা জান্নাতি বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রাঘাতে নারী-পুরুষসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার কোষাডাঙ্গীপাড়া ও নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার দুপুরে ফসলি মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যান। অপরদিকে কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭) বিকেলে নিজ জমির ফসল দেখতে যান। এসময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম জানান, পীরগঞ্জে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারীতে চা-বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে সোহরাওয়ার্দী (৩৫) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই চা শ্রমিক। আজ সকালে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা তুলতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সোহরাওয়ার্দী তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মতিয়ার রহমান জানান, বজ্রাঘাতে নিহত চা শ্রমিকের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের আব্দুল গফুরের ছেলে কৃষক আব্দুল হামিদ (৫০) ও রায়গঞ্জ উপজেলা ধানগড়া ইউনিয়নের মল্লিক চাঁন গ্রামের আব্দুল হালিমের ছেলে কৃষক হাসান আলী (২৪)। মাধাইনগর ইউপির সদস্য শফিকুল ইসলাম শফি বলেন, কৃষক আব্দুল হামিদ বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। ওই সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর

জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে এক কৃষক ও গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার কড়ইচড়া গ্রামের মর্জিনা বেগম (৪০)। তিনি ওই এলাকার রাজীবের স্ত্রী। আরেকজন সদর উপজেলার চর যথার্থপুর এলাকার কৃষক হাসমত আলী (৪৫)। তিনি ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায় , মর্জিনা বেগম বাড়ির উঠানে রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় কৃষক হাসমত আলী মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সোহানুর রহমান সোহান জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, কেবল পরীক্ষার হলে এসে ভালো করার আশা করলে হবে না; সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, প্রস্তুতি ও আত্মবিশ্বাস।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল ও ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।

আজ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার চলমান সূচির মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রশাসক বলেন, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণত কিছুটা চাপ ও সংশয় কাজ করে। সে কারণে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং কেন্দ্রগুলোর পরিবেশ দেখতে তিনি বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শন করছেন।

তিনি বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত পড়াশোনা, সঠিক প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহার ছাড়া ভালো ফল সম্ভব নয়। আমরা চাই, আমাদের সন্তানরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং দেশের সম্পদে পরিণত হোক।”

জেলা প্রশাসক আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরীক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

তিনি আজ জেলার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। তাঁদের কাছ থেকেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন ভালো হয়েছে এবং তারা স্বস্তির সঙ্গে পরীক্ষা দিচ্ছে।

পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দীন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।