খুঁজুন
, ,

ভুল চিকিৎসা সাজিনাস হাসপাতালে, গ্যাংগ্রিন সংক্রমণে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 13 June, 2026, 12:52 pm
ভুল চিকিৎসা সাজিনাস হাসপাতালে, গ্যাংগ্রিন সংক্রমণে শিশুর মৃত্যু

পৃথিবীতে আসার পর মায়ের বুকের উষ্ণতা ঠিকমতো পাওয়ারও সুযোগ হয়নি। বাবার আঙুল ধরে হাঁটা, প্রথম হাসি, প্রথম ডাক কিংবা ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন, সবকিছু থেমে গেছে কয়েকদিনের ব্যবধানে।

জন্মের পর শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে যখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল এক নবজাতক, তখন তার বাম হাতে দেখা দেয় ভয়াবহ জটিলতা। হাতের কয়েকটি আঙুল কালো হয়ে যায়, পরে পুরো হাতে ছড়িয়ে পড়ে গ্যাংগ্রিন (রক্ত সঞ্চালনের অভাবে পচনশীল ক্ষত)।

জীবন বাঁচাতে শেষ পর্যন্ত কেটে ফেলতে হয় ছোট্ট হাতটি। কিন্তু ততক্ষণে সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অঙ্গে। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কাছে হার মানে নবজাতকটি।

চট্টগ্রামের এক মায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ একটি পোস্ট এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

তিনি অভিযোগ করেছেন, সাজিনাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার সন্তানের হাত নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে সেই জটিলতার কারণেই মৃত্যু হয়। হৃদয়বিদারক ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও ক্ষোভ।

আমাতুল মাকনুন নামের ওই মায়ের ভাষ্য অনুযায়ী, গত ২৫ মে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার পুত্রসন্তানের জন্ম হয়। জন্মের সময় অক্সিজেন সংকট ও নিউমোনিয়ার কারণে শিশুটির লাইফ সাপোর্ট প্রয়োজন হয়। সে কারণে তাকে চট্টগ্রামের সাজিনাস হাসপাতাল লিমিটেডের এনআইসিইউতে ভর্তি করা হয়। সেখানে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফয়সাল আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ঈদুল আজহার ছুটিতে চিকিৎসার দায়িত্ব পালন করেন অন্য চিকিৎসকেরা।

তিনি লিখেছেন, চিকিৎসার কয়েকদিন পর সন্তানের অবস্থার উন্নতি হতে থাকে। প্রতিদিন নির্ধারিত সময়ে এনআইসিইউতে গিয়ে সন্তানকে দেখে আসতেন। পঞ্চম দিন এক চিকিৎসক তাকে জানান, শিশুটিকে এনআইসিইউ থেকে বের করে কেবিনে স্থানান্তরের প্রস্তুতি চলছে। খবর শুনে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। সেদিন অনেক অনুরোধ করে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সন্তানের পাশে কাটানোর সুযোগও পেয়েছিলেন তিনি।

কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সন্তানকে দেখার সময় তার বাম হাতে ব্যান্ডেজ দেখতে পান মা। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে বলেন, ‘চিন্তার কিছু নেই’। কিন্তু পরদিন চিকিৎসকদের ডাকে গিয়ে তিনি যে দৃশ্য দেখেন, তা তার ভাষায় জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সাথে সাথে চিৎকার দিলাম। গতকাল দেখে গেলাম ভালো, আজকে কেন এই অবস্থা? আমি বুঝে গিয়েছি- ওরা ক্যানোলাতে কিছু ভুল করেছে। এটা সেলুলাইটিস হয়ে গ্যাংগ্রিনের দিকে চলে যাচ্ছে’।

মায়ের অভিযোগ, শিশুটির বাম হাতের নিচের অংশ, তর্জনী ও অনামিকাসহ কয়েকটি আঙুল কালো হয়ে গিয়েছিল। প্রথমদিকে চিকিৎসকেরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসককে ডাকা হয়। ভাসকুলার সার্জনসহ কয়েকজন চিকিৎসক শিশুটিকে দেখেন এবং চিকিৎসা দেন। একপর্যায়ে কিছুটা উন্নতি হয়েছে বলেও পরিবারকে আশ্বস্ত করা হয়।

সেই আশ্বাসের কারণেই পরিবার তাৎক্ষণিকভাবে ঢাকায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরদিন শিশুটির হাতের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন পরিবার তাকে দ্রুত রাজধানীতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে শিশুটির হাতে একটি অস্ত্রোপচার করা হয়। ঢাকায় নেওয়ার পর ব্যান্ডেজ খুলে চিকিৎসকেরা দেখতে পান হাতের কবজি পর্যন্ত গ্যাংগ্রিন ছড়িয়ে পড়েছে। সংক্রমণ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে গেছে।

তিনি লিখেছেন, ‘ঢাকায় ব্যান্ডেজ খোলার পর দেখলাম হাতের কব্জি পর্যন্ত গ্যাংগ্রিন। ওইটা থেকে পুরো বডিতে অনেকটাই ইনফেকটেড হয়েছে। ওর অর্গানগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছিল’।

রাজধানীর একাধিক হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা পরিবারকে জানান, শিশুটির জীবন বাঁচাতে আক্রান্ত হাতটি কেটে ফেলতে হবে। সেই মুহূর্তের বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান শিশুটির মা। তাঁর ভাষায়, ‘হাত ছাড়া না হয় আমার বাচ্চা বাঁচবে, এই বলে মনকে বুঝ দিয়েছিলাম’।

পরিবারের সম্মতিতে অস্ত্রোপচার করে শিশুটির হাত অপসারণ করা হয়। কিন্তু ততক্ষণে সংক্রমণ শরীরের ভেতরে গভীরভাবে ছড়িয়ে পড়েছিল। অস্ত্রোপচারের পরদিন থেকেই অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। রক্তচাপ কমে যায়, শরীরের রং পরিবর্তিত হয়, লিভার ও পেট ফুলে যায়। একাধিক জটিলতার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশুটি।

সন্তান হারানোর বেদনা নিয়ে মা লিখেছেন, ‘পরের দিন পুরো শরীরের কালার চেঞ্জ হলো, প্রেসার লো হলো, পেট ও লিভার ফুলে গেলো। দুইবার কার্ডিয়াক অ্যাটাকের পর আমার নিষ্পাপ যোদ্ধা সন্তান মারা গেল’।

আমাতুল মাকনুন বলেন, ‘সন্তানের হাতে জটিলতা দেখা দেওয়ার পরও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। শেষ দুইদিনে দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসক শিশুটিকে দেখতে পর্যন্ত আসেননি। রিলিজ সামারিতেও প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ছিল না। ঢাকার ইবনে সিনা, এভারকেয়ার-সব জায়গার ডাক্তার আমাদের বলেছিলেন- ভুল ট্রিটমেন্ট আর অনভিজ্ঞতার কারণে আমার বাচ্চার এই অবস্থা হয়েছে। ওরা আমার বাচ্চাকে সবাই মিলে খুন করেছে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া পোস্টটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। কেউ কেউ স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।

সাজিনাস হাসপাতাল লিমিটেডের মেডিক্যাল ডিরেক্টর ডা. সরওয়ার কাশেম রাসেল বলেন, সার্জিস্কোপ হাসপাতাল থেকে ক্যানোলা ইনফেকশন নিয়েই আসে পেশেন্ট। আমরা বিষয়টি লক্ষ্য করার পর প্রয়োজনীয় চিকিৎসা দিই। দুইদিন উন্নতিও লক্ষ্য করি কিন্তু তৃতীয় দিন থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালের পক্ষ থেকে চট্টগ্রামের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়। শিশুটিকে যে চিকিৎসাগুলো দেওয়া হয়েছিল তার ডকুমেন্টস আমাদের কাছে আছে। গ্যাংগ্রীন হয়ে যাওয়ার পর চট্টগ্রামে পরবর্তী চিকিৎসা দেওয়ার মত সুযোগ নেই। তাই শিশুটিকে যে চিকিৎসক চিকিৎসা করেছেন- ডা. ফয়সাল, তিনি ঢাকা এভারকেয়ারে নিয়ে যেতে বলেন। সব ধরনের ব্যবস্থাও করে রেখেছিলন। কিন্তু পেশেন্টকে এভারকেয়ারে না নিয়ে ইবনে সিনায় নেওয়া হয়। এতে প্রায় ২৪ ঘণ্টার মত সময় নষ্ট হয়। যখন ইবনে সিনা থেকে এভারকেয়ারে নেওয়া হয় তখন অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সাজিনাস হাসপাতালে নবজাতকের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Feb2
Feb2

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 15 September, 2026, 9:58 pm
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সেখানে বাঁধন ও তার পরিবারের ওপর হামলা করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশে ফেরার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে দেখা করতে তার বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাঁধন নিজেই।

পোস্ট দিয়ে বাঁধন লিখেছেন, ‘আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’

তার কথায়, ‘এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে। আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। আর সেই জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটি আরও শক্তিশালী হয়।’

তিনি বলেন, ‘ইতালিতে সাম্প্রতিক কঠিন সময়ে বাংলাদেশ সরকার, মাননীয় সরকার প্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগ এবং দেশে-বিদেশে যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমার ও আমার পরিবারের খোঁজ নিয়েছেন এবং মানবিক সহায়তা ও সমর্থন দিয়েছেন আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘এই অভিজ্ঞতা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না।’

শেষে বলেন, ‘আজ আমরা আবারও দেখেছি, মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আরও বহুগুণ বেড়ে যায়। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত দায়িত্ব একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।’

দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় শহরের জলাধার পুনরুদ্ধার জরুরি: এরশাদ উল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 15 September, 2026, 7:40 pm
দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় শহরের জলাধার পুনরুদ্ধার জরুরি: এরশাদ উল্লাহ

একসময় চট্টগ্রাম নগরের অলিগলিতে ছড়িয়ে ছিল পুকুর, দিঘি, ডোবা ও জলাধার। নগর যত বেড়েছে, ততই সংকুচিত হয়েছে এসব প্রাকৃতিক জলভূমি। কোথাও উঠেছে বহুতল ভবন, কোথাও দোকান-গুদাম, কোথাও গড়ে উঠেছে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। এতে শুধু দেশীয় মাছের আবাসস্থলই হারায়নি, বৃষ্টির পানি ধারণ ও ভূগর্ভে পানি প্রবেশের স্বাভাবিক ব্যবস্থাও ক্রমে দুর্বল হয়েছে। এমন বাস্তবতায় চট্টগ্রামের একটি শতবর্ষী ঐতিহাসিক জলাধারে মাছের পোনা অবমুক্ত করে জলজ জীববৈচিত্র্য ও নগরের জলাধার সংরক্ষণের গুরুত্ব সামনে আনল চট্টগ্রাম মহানগর বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ঐতিহাসিক আগ্রাবাদ ডেবায় এ মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি আয়োজন করে মহানগর বিএনপি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, বাংলাদেশের মানুষের খাদ্য ও জীবিকার সঙ্গে মৎস্যসম্পদ ওতপ্রোতভাবে জড়িত। দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা প্রয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির একটি বার্তা দেওয়া হলো।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সারাদেশে খাল খননসহ নদী-নালা দখলমুক্ত করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। নদী ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে দেশীয় মাছের উৎপাদন যেমন বাড়বে, তেমনি মৎস্যজীবীদের জীবন-জীবিকাও আরও সমৃদ্ধ হবে।

প্রধান বক্তার বক্তব্যে নাজিমুর রহমান বলেন, নদী, খাল-বিল ও জলাশয় দেশীয় মাছের প্রজনন ও বিচরণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পরিকল্পিতভাবে পোনা অবমুক্তকরণ কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার সারাদেশে নদী-নালা ও খাল পুনঃখনন এবং দখলমুক্ত করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের এই পোনা অবমুক্তকরণ। নদী ও জলাশয়ে দেশীয় মাছের নিরাপদ বিচরণ ও প্রজননের পরিবেশ নিশ্চিত করতে পারলে দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে। এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা ও ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য নুরুদ্দীন হোসেন নুরু, আবু মুসা ও জাফর আহমদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী নুরুল হক, সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া, মো. জাফর, সাইদুর রহমান, অ্যাডভোকেট জসিম উদ্দিন, তৈয়ব চৌধুরী, মো. শাহজাহান ও সেকান্দর সুমনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 15 September, 2026, 7:24 pm
স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ

সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করলেও নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেকেই ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। এই অবস্থার পরিবর্তন প্রত্যেককে নিজের জায়গা থেকেই শুরু করতে হবে।

আজ মঙ্গলবার পটিয়ায় এক অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও উপকারভোগীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এমন একটা সময় পার করছি, যখন মূল্যবোধ ও মানবিকতার ভয়াবহ অবক্ষয় হচ্ছে। আমরা বিবেকের চর্চা থেকে দূরে সরে এসেছি। আমাদের চিন্তাভাবনা এখন নিজের স্বার্থের চর্চাকে ঘিরে।’

মানুষ অন্যের কাছ থেকে সেবা নেওয়ার সময় নিজের প্রাপ্তির বিষয়ে সচেতন থাকলেও অন্যকে সেবা দেওয়ার ক্ষেত্রে একই দায়িত্ববোধ অনেক সময় দেখা যায় না বলে মন্তব্য করেন জেলা প্রশাসক। তিনি বলেন, সেবা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন, দুজনই একই সমাজের অংশ। তাই অন্যকে দোষারোপ না করে প্রত্যেককে নিজের দায়িত্ব নিয়ে ভাবতে হবে।

‘করিম কী করল, রহিম কী করল—সেটা না ভেবে আমার কী করা উচিত, সেটি যদি আমি ভাবি, তাহলে পরিবর্তন হবে,’ বলেন তিনি।

মানুষের মধ্যে পারস্পরিক মমত্ববোধ কমে যাওয়ার প্রসঙ্গ টেনে জাহিদুল ইসলাম বলেন, নিজের স্বার্থের বাইরে সমাজ ও মানুষের প্রতিও মায়া ও দায়িত্ববোধ থাকতে হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ৪০ কেজি ওজনের একটি বস্তা তুলতে কষ্ট হলেও ৬০ কেজি ওজনের নিজের সন্তানকে কোলে নিতে সেই কষ্ট অনুভূত হয় না। কারণ, সন্তানের প্রতি মায়া আছে।

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তরে গেলে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবেন—এমন আস্থা এখনো পুরোপুরি তৈরি করা যায়নি। শুধু সকাল ৯টায় অফিসে এসে বিকেল ৫টায় চলে যাওয়ার মানসিকতা নিয়ে সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, ‘গভীরভাবে ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

সরকারি কর্মকর্তারা শুধু রাষ্ট্রের কোষাগার থেকে বেতন নেন না উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দায়িত্বশীল পদে থাকার কারণে তাঁরা ও তাঁদের পরিবার সামাজিক মর্যাদা ও নিরাপত্তা পান। তাই সমাজ ও মানুষের প্রতিও তাঁদের দায়িত্ব রয়েছে। একজন কর্মকর্তা তাঁর কর্মক্ষেত্রে নতুন কী যোগ করলেন এবং তাঁর কাজে সমাজ ও দেশ কীভাবে উপকৃত হলো, সেটিও ভাবতে হবে।

সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, আইনের বাইরে গিয়ে কারও সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে আইনের মধ্যে যতটুকু করা সম্ভব, তা করতে হবে। সমাধান সম্ভব না হলেও সেবাপ্রত্যাশীর কথা শুনে তাঁকে সঠিক পরামর্শ দিতে হবে।

সরকারি প্রকল্পে অর্থের অপচয় রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়ে জাহিদুল ইসলাম বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না; সেই প্রকল্প সমাজ ও মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তা দেখতে হবে।

তিনি বলেন, ‘কোনো অর্থের যেন অপচয় না হয়। প্রতিটি চালের হিসাব আমরা চাই। প্রত্যেক জায়গায় সততা ও স্বচ্ছতা দেখতে চাই।’

পদ ও দায়িত্ব স্থায়ী নয়—এ কথা মনে করিয়ে দিয়ে কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, একসময় চাকরি শেষ হবে, চেয়ারও থাকবে না। তখন যেন আফসোস করতে না হয় যে দায়িত্বে থাকার সময় মানুষের জন্য আরও কিছু করা যেত।

তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। তরুণদের মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থী ভালো ফল করার পাশাপাশি সত্যিকারের মানুষ হয়ে উঠছেন কি না, সমাজের জন্য কাজ করছেন কি না এবং মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ তৈরি হচ্ছে কি না—সেটিও দেখতে হবে।

সন্তান ও আর্থিক সামর্থ্য থাকার পরও অনেক মা-বাবার পাশে কেউ থাকেন না উল্লেখ করে তিনি বলেন, কেন তাঁদের বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, সেটিও সমাজকে ভাবতে হবে। পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত হতে হবে। শুধু ভালো হওয়ার উপদেশ না দিয়ে নিজেদের আচরণের মধ্য দিয়েও সেই দৃষ্টান্ত তৈরি করতে হবে।

মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক। তিনি বলেন, মাদকসেবীদের ধরে নিয়ে এলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। পরিবার ও সমাজে সচেতনতা তৈরি করতে হবে।

অভিভাবকদের নিজেদের আচরণেও পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি রাত ১২টায় ফিরবেন আর বলবেন, আমার সন্তান সন্ধ্যা ৬টায় ফিরবে—এটা কি হয়? আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে।’

বক্তব্যে ইসলামী ব্যাংক ও এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হারানো ব্যক্তিদের প্রসঙ্গও তোলেন জেলা প্রশাসক। তিনি বলেন, মানবিক বিবেচনায় তাঁদের কথা শোনা হয়েছে এবং বিষয়টি যথাযথ পর্যায়ে জানানো হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনীয় করণীয় নিয়ে চেষ্টা করা হবে।

তবে দাবি আদায়ে আইন লঙ্ঘন বা সড়ক বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে চাকরি হারানো ব্যক্তিদের ধৈর্য ধরার অনুরোধ করেন।

পটিয়াকে ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, জনসংখ্যা ও আয়তনের দিক থেকে এটি বড় একটি এলাকা। স্থানীয় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে।

বক্তব্যের শেষ দিকে জেলা প্রশাসক বলেন, শুধু একে অন্যকে দায়ী করে সমাজের পরিবর্তন হবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

‘আমরা সমাজের চ্যালেঞ্জগুলো অতিক্রম করে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে আপনি-আমি এবং আমাদের সন্তানেরা নিরাপদে বসবাস করবে,’ বলেন জাহিদুল ইসলাম।