খুঁজুন
, ,

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:26 pm
৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যাওয়া প্রায় ৫ লক্ষাধিক বাংলাদেশি রোগীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের এক ঐতিহাসিক মাইলফলক উদযাপন করেছে অ্যাপোলো হসপিটালস।

আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টায় চেন্নাইয়ের হায়াত রিজেন্সি হোটেলের কনফারেন্স হলে বর্ণাঢ্য এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে চেন্নাইয়ে চিকিৎসাধীন বাংলাদেশের অর্ধশত রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি রোগীদের চিকিৎসা আরও সহজ করতে অদূর ভবিষ্যতে ঢাকা এবং এবং চট্টগ্রামে টেলিমেডিসিন ও টেলি-রেডিওলজি সেন্টার চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চেন্নাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মো. আলিমুজ্জামানের। তবে হঠাৎ অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পারায় তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তা দেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ ভৌমিক।

অনুষ্ঠানে অ্যাপোলো চেন্নাই হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নাভিন ভি বলেন, “ভারতের বৃহত্তম হেলথকেয়ার নেটওয়ার্ক হিসেবে আমাদের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৩ সালে কার্ডিওলজিস্ট ড. প্রতাপ চন্দ্র রেড্ডির হাত ধরে। বর্তমানে কেবল চেন্নাই অঞ্চলেই আমাদের ১০ টারও বেশি হাসপাতাল রয়েছে।” বিশ্বমানের প্রযুক্তি আমদানির ক্ষেত্রে অ্যাপোলোর অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আমরাই প্রথম ক্যানসার চিকিৎসার জন্য অত্যন্ত আধুনিক ‘প্রোটন বিম থেরাপি’ নিয়ে এসেছি। ওয়ার্ল্ড ক্লাস ক্লিনিক্যাল আউটকাম এবং রোবটিক সার্জারির অনন্য বেঞ্চমার্কের কারণেই বাংলাদেশিরা আমাদের ওপর আস্থা রেখেছেন।”

বাংলাদেশি রোগীদের জন্য সেবার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে নাভিন ভি আরও জানান, বর্তমানে বাংলাদেশে অ্যাপোলোর ৫টি তথ্য কেন্দ্র (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ) চালু আছে এবং খুব শীঘ্রই সিলেটে নতুন শাখা চালু হবে। এসব অফিস থেকে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ভিসা প্রসেসিং ও অ্যাপয়েন্টমেন্ট সুবিধা পাচ্ছেন। এছাড়া খুব দ্রুতই একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে, যার মাধ্যমে রোগীরা দেশেই বসে সরাসরি চেন্নাইয়ের চিকিৎসকদের কাছ থেকে ‘সেকেন্ড মেডিকেল অপিনিয়ন’ নিতে পারবেন।

অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটালসের রিজিওনাল সিইও ডা. ইলেন কুমারান কে. বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন, “এই ৫ লাখের মাইলস্টোন মূলত একটি গভীর বিশ্বাসের প্রতিফলন। আমাদের দুই দেশের ভৌগোলিক সীমানা আলাদা হলেও, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের সুর আমাদের এক সুতোয় বেঁধেছে।”

প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা. ইলেন কুমারান তাঁর বক্তব্যে বলেন, “ইউরোপের মতো আমাদের বর্ডারহীন সীমান্ত না থাকলেও ভারত ও বাংলাদেশের চমৎকার কালচারাল কানেকশনের কারণে রোগীরা এখানে এসে নিজেদের বাড়ির মতো কমফোর্ট ও কনফিডেন্স পান। চিকিৎসার পর রোগীরা যাতে নিজেদের দেশেই ফলো-আপ করতে পারেন, সেজন্য আমরা বাংলাদেশে মাল্টিপল ক্লিনিক করার পরিকল্পনা করছি।”

দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ ভৌমিক অ্যাপোলো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “চেন্নাই বিভিন্ন সময়েই বাংলাদেশি রোগীদের প্রথম পছন্দের ডেস্টিনেশন। ৫ লাখের এই বিশাল সংখ্যাটিই প্রমাণ করে রোগীরা এখানে এসে কেমন সেবা পাচ্ছেন।” চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাইয়ে আসা যেকোনো বাংলাদেশি নাগরিককে যেকোনো প্রয়োজনে দূতাবাসের সাথে সরাসরি যোগাযোগ করার আশ্বাস দেন তিনি।

এপোলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট গুরু প্রসাদ ভবিষ্যৎ পরিকল্পনার বড় তথ্যটি দিয়ে জানান, “বাংলাদেশি রোগীদের সুবিধার্থে এবং তাঁদের ফলো-আপ কেয়ার সহজ করতে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শুরু করেছি। ঢাকা বা চট্টগ্রামে একটি হাসপাতাল নির্মাণ এবং অনুমতি সাপেক্ষে টেলিমেডিসিন সেন্টার চালুর পরিকল্পনা আমাদের পাইপলাইনে রয়েছে।”

এপোলো হাসপাতালে ইন্টারন্যাশনাল বিজনেস ডেস্কের ইনচার্জ সানজিৎ নায়েকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাপোলো হাসপাতালের বাংলাদেশের প্রতিনিধি সৈয়দ রিফাত ফারুক।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। একটি ফটো সেশন ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।