ডেঙ্গুর দাপট কমেনি চাঁদপুরে, ১৬ দিনে আক্রান্ত ১৩৫
বর্ষা বিদায় নিয়েছে, শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। কিন্তু চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ যেন থামছেই না। নভেম্বরের মাঝামাঝিতেও প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। বাড়ছে রোগীর চাপ, ব্যস্ততা বাড়ছে চিকিৎসক ও নার্সদের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মাত্র ১৬ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৫ জন। তাঁদের মধ্যে ৯১ জন পুরুষ এবং ৪৪ জন নারী ও শিশু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। এ সময়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রোগীর চাপ, সীমিত শয্যায় চিকিৎসার চ্যালেঞ্জ
হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ডে রোগীর উপস্থিতি পরিস্থিতির চাপ স্পষ্ট করছে। ১৭ নভেম্বর নারী ওয়ার্ডে আগের ভর্তি রোগী ছিলেন সাতজন। দুপুর পর্যন্ত নতুন একজন ভর্তি হন এবং দুজন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। অন্যদিকে পুরুষ ওয়ার্ডে ভর্তি ছিলেন ১৬ জন। ওই দিন দুপুর পর্যন্ত নতুন রোগী ভর্তি না হলেও চিকিৎসা শেষে ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়।
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের দ্বিতীয় ও চতুর্থ তলায় পৃথক ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। তবে রোগীর সংখ্যা বাড়লে শয্যা, চিকিৎসক ও নার্সের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এখন হাসপাতাল কর্তৃপক্ষের বড় চ্যালেঞ্জ।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, গত দুই থেকে তিন মাস ধরেই হাসপাতালে ডেঙ্গু রোগীর উপস্থিতি তুলনামূলক বেশি। পরিস্থিতি বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় পৃথক ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী হাসপাতালের প্রস্তুতি ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা জরুরি। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
১৬ দিনে একটি সরকারি হাসপাতালেই ১৩৫ জন ডেঙ্গু রোগীর ভর্তি হওয়া পরিস্থিতির উদ্বেগজনক দিক তুলে ধরছে। জেলার অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেওয়া রোগীদের হিসাব যুক্ত হলে সংক্রমণের প্রকৃত চিত্র আরও বিস্তৃত হতে পারে।
এ অবস্থায় শুধু হাসপাতালের চিকিৎসাসেবা বাড়ালেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আক্রান্তদের এলাকা চিহ্নিত করা, মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশকনিধন এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে হবে। স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হতে পারে।



আপনার মতামত লিখুন