খুঁজুন
, ,

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 September, 2026, 1:36 pm
ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের মধ্যে কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের নানা ধরনের সংবাদ দিচ্ছে। এমন কার্যক্রমে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মধ্যে কেউ কেউ এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, তাদের নানা ধরনের সংবাদ দিচ্ছে। পুলিশের কোন সদস্য শৃঙ্খলা না মানলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো ধরনের অপরাধে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতা রয়েছে। অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। তবে এখন তাদের সামনে নিজেদের সংশোধন ও নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এখন রাজা-বাদশাহ নয়, ‘জনগণের পুলিশ’ দেখতে চায়। কোনো সিনিয়র কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। একইভাবে অধস্তন কোনো সদস্যের এমন কর্মকাণ্ডেও অনুমতি বা আশ্রয় দেওয়া যাবে না, যা সমাজে অশান্তি বা অস্বস্তি তৈরি করে।

তিনি বলেন, দায়িত্ব পালনে ভুলত্রুটি থাকলেও কেউ যদি সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন, তাহলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থতা কিংবা অপরাধ সংঘটিত হলে তার পরিণতি ভালো হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য পুলিশ বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানো হবে।

পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এর সদর দপ্তরের পাশাপাশি মেট্রো, জেলা ও বিভাগীয় পর্যায়ে শাখা থাকবে। আধুনিক প্রযুক্তি, ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সুবিধা ধাপে ধাপে বাড়ানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অপরাধের বড় একটি অংশ সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও অপরাধ দমনের সক্ষমতা বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটকে নতুন কাঠামোর আওতায় এনে আরও কার্যকর করা হবে। প্রয়োজন অনুযায়ী মেট্রো ও অন্যান্য এলাকায় বিশেষ ইউনিটের সক্ষমতা বাড়ানো হবে এবং অবকাঠামো ও লজিস্টিক সুবিধা দেওয়া হবে।

পুলিশের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের সবচেয়ে বেশি। সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে পুলিশই সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।

তিনি বলেন, ‘২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের পরিবর্তনটা দেখাতে হবে’।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য পুলিশকে আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে হবে। দেশের জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

Feb2
Feb2

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 September, 2026, 5:50 pm
ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি থানার ২৭-এর বাটা শোরুমের সামনে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে ধানমন্ডি থানা পুলিশ তিনজন এবং মোহাম্মদপুর থানা ইমরান নামে একজনকে আটক করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডি বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এই ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয় এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।

জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড দিয়ে মিছিলটি শুরু করে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে।

সাত দিনে ডেঙ্গু হটস্পটমুক্ত সীতাকুণ্ড চান ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 September, 2026, 3:43 pm
সাত দিনে ডেঙ্গু হটস্পটমুক্ত সীতাকুণ্ড চান ডিসি জাহিদ

সাত দিন পর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ডেঙ্গুর কোনো হটস্পট থাকবে না—এমন লক্ষ্য নিয়ে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না কমলে এই অভিযানকে সফল বলা যাবে না।

শনিবার সীতাকুণ্ড পৌরসভায় সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। র‍্যালিটি পৌরসভা থেকে শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে। পরে তিনি ড্রেন পরিষ্কার এবং ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পট বিবেচনায় নিয়ে আমরা চাই, আর কেউ যেন এ রোগে প্রাণ না হারান। সাত দিন পর এখানে কোনো হটস্পট থাকবে না—সেখানেই আমাদের অভিযান সফল হবে।” তাঁর ভাষ্য, সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আশপাশ পরিষ্কার রাখা এবং মশার বিস্তারস্থলে ফগার মেশিন ও লার্ভিসাইড প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। নাগরিকদের নিজেদের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সীতাকুণ্ডের মতো শিল্পাঞ্চলে পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপী এ কর্মসূচি উপজেলার সব ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভায় চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, বিশেষ নজর দেওয়া হবে চিহ্নিত সাতটি হটস্পটে—ভাটিয়ারী, সোনাইছড়ি, জেলেপাড়া, বাড়বকুণ্ড, ফুলতলা, বার আউলিয়া এবং সীতাকুণ্ড কলেজ রোড এলাকায়। এ কাজে ১৬টি নতুন ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক সংগ্রহ করা হয়েছে। সাত দিনের কর্মসূচির পরও পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বাড়িঘর ও ড্রেনে জমে থাকা পানি সরানোর আহ্বান জানান। জাহাজভাঙা শিল্প এলাকার স্ক্র্যাপ ধাতুতে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার নাগরিকেরা উপস্থিত ছিলেন।

খিরাম হযরত আহমদ ছাফা (রহ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় দোয়া মাহফিল সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 September, 2026, 2:43 pm
খিরাম হযরত আহমদ ছাফা (রহ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় দোয়া মাহফিল সম্পন্ন

ফটিকছড়ি উপজেলার খিরাম হযরত আহমদ ছাফা (রহ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজ দাহুম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অসিউর রহমান আল কাদেরী।

প্রধান আলোচক ছিলেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আবু নওশাদ নইমী আশরাফী নকশবন্দী।

মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সহ-সুপার মাওলানা মোকতার হোসাইন ও সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস খান আল কাদেরী, খিরাম কাদেরিয়া মুঈনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ওমর ফারুক আজমী, গাউছিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালেক শাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুজিবুল হক, মোহাম্মদ আমিনুল ইসলাম, ডাক্তার মো. মুজিবুল হক, আলহাজ্ব ফজলুল কাদের চৌধুরীসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ অসিউর রহমান আল কাদেরী বলেন, “শিক্ষা মানুষকে আলোর পথে নিয়ে যায়। আশা করি, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এ এলাকা শিক্ষার আলোয় আলোকিত হবে। প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলে আজিমুল গণী মহৎ কাজ করেছেন। সবাইকে সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে হবে।”

এ সময় মাদ্রাসার পরিচালক মুহাম্মদ নুরুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, ইউপি সদস্য মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ জাবেদ হোসেন, আব্দুর রহিম বাদশা, মুহাম্মদ মোর্শেদ, মুহাম্মদ লোকমান সওদাগর, মুহাম্মদ শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরফাতুল গণি, শিক্ষিকা নায়মা আকতার, রুনা আকতার ও আয়শা আকতার, সারজিনা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে মোনাজাতে মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-বিদেশে অবস্থান করে যারা আর্থিক ও বিভিন্নভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় অবদান রাখছেন, তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।