উপ-নির্বাচন
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন। নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এর আগে গত শনিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৫১৩ ভোট।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। পরে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।
জেআই/



আপনার মতামত লিখুন