ফটিকছড়িতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সজিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর বন্ধু রাকিব আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজিব ও তাঁর বন্ধু রাকিব মোটরসাইকেলে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। হেঁয়াকো ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় রাকিব মোটরসাইকেলের পেছনের আসনে ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হেঁয়াকো বাজার থেকে ফটিকছড়ির দিকে যাওয়ার পথে ইসলামপুর এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। হাসপাতালে নেওয়ার পথেই সজিবের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেআই/



আপনার মতামত লিখুন