‘মিস ইউনিভার্স বাংলাদেশে’র মুকুট জিতলেন সামিরা খান মাহি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:০৪ সকাল
‘মিস ইউনিভার্স বাংলাদেশে’র মুকুট জিতলেন সামিরা খান মাহি

ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহির মাথায় উঠেছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আগামী ৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পেলেন তিনি।

বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। মঞ্চে তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এ সময় দুই প্রতিযোগীকে জড়িয়ে ধরতে দেখা যায়। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার মুহূর্ত করতালিতে মুখর করে তোলে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে শ্যাম্পেন গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউনে নজর কাড়েন মাহি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা, দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের অনেকে। আয়োজনে অংশ নেন মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক ও ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

আয়োজকদের তথ্যমতে, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বেন সামিরা খান মাহি।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।

মিথিলার উত্তরসূরি হিসেবে এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন দর্শকরা।

Feb2
Feb2