জামিন পেয়েই বিতর্কে পরীমনি

আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে অশালীন ব্যবহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ বিকাল
আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে অশালীন ব্যবহার

আদালত থেকে জামিন পাওয়ার দিনই নতুন বিতর্কে জড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। আদালত প্রাঙ্গণে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের সংঘর্ষ এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় পোস্ট দেওয়ার ঘটনায় সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এ ঘটনা ঘটে।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় বুধবার (৪ নভেম্বর) পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হওয়ার সময় তাঁকে কেউ ‘ব্যাড টাচ’ করেছেন বলে অভিযোগ করেন পরীমনি। এ নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয় এবং এক সাংবাদিককে গালিগালাজের অভিযোগ ওঠে। এ সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সংবাদকর্মীদের ওপর চড়াও হন। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি শব্দের একটি আপত্তিকর পোস্ট দেন পরীমনি। তবে পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। কমেন্ট অপশন বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি মন্তব্য করতে পারেননি।

সমালোচকদের মতে, ব্যক্তিগত ক্ষোভ থাকলেও একজন জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে এমন ভাষা ও আচরণ প্রত্যাশিত নয়। এর আগেও বিভিন্ন আইনি জটিলতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট নিয়ে আলোচনায় এসেছেন পরীমনি।

Feb2
Feb2