আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ বিকাল
আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী গড়ে তোলা এবং দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে তাঁদের অবদানকে তুলে ধরার প্রত্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সিইউএফএল ও ডিএপিএফসিএল শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে সিইউএফএলের প্রশাসন ভবনের সামনে বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন অতিথিরা। পরে র‍্যালিটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইঞ্জিনিয়ার্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিএপিএফসিএল শাখার সভাপতি ও উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক) খন্দকার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবি সিইউএফএল শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি প্রকৌশলী আকরাম খান। প্রধান অতিথি ছিলেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

সিইউএফএলের উপসহকারী প্রকৌশলী শামীম রেজার সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে বক্তব্য দেন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, কাফকোর সিনিয়র মেইনটেন্যান্স কন্ট্রোলার মো. কামরুজ্জামান এবং কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) উপসহকারী প্রকৌশলী এ কে এম মাহাবুবুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ প্রকৌশলী তৈরির পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সিইউএফএল, ডিএপিএফসিএল, কাফকো, কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইউনাইটেড পাওয়ার লিমিটেডের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা এবং আইডিইবির সদস্যরা উপস্থিত ছিলেন।

Feb2
Feb2