ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে তিনি এ ঘোষণা দেন।
সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে ছিল সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন প্রণয়ন কার্যক্রম।
এদিকে, এবারের অধিবেশনকে সামনে রেখে সংসদে জমা পড়েছে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তর দেওয়ার জন্য নির্ধারিত রয়েছে ১৭৪টি প্রশ্ন। বাকি ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের উত্তর দেবেন অন্যান্য মন্ত্রীরা।
এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১ অনুযায়ী ৯২টি নোটিশ জমা পড়েছে। বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ওপর জমা পড়েছে আরও ২৮১টি নোটিশ।
চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য নির্ধারিত রয়েছে তিনটি অধ্যাদেশ। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর থেকে চতুর্থ অধিবেশন শুরুর আগ পর্যন্ত সময়ে এসব অধ্যাদেশ জারি করা হয়।
এর আগে রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন। সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।



আপনার মতামত লিখুন