ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম অবস্থানে বাংলাদেশ
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এর আগে ২০২৪ সালের জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এবার বাংলাদেশের ইজিডিআই স্কোর দাঁড়িয়েছে ০.৬৮৯৩, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মাধ্যমে ‘উচ্চ ইজিডিআই’ শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
এ ছাড়া অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) ০.৮১ এবং টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্সে (টিআইআই) ০.৬৯ স্কোর অর্জন করেছে দেশটি। এ দুটি ক্ষেত্রেও বাংলাদেশের স্কোর সর্বোচ্চ।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর পরপর এ জরিপ প্রকাশ করে। এবারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া।
সরকারি সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তির প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি পরিমাপ করা হয় ইজিডিআই সূচকের মাধ্যমে। অনলাইন সেবা, টেলিযোগাযোগ অবকাঠামো ও মানবসম্পদ—এই তিনটি সূচকের সমন্বয়ে নির্ধারিত হয় একটি দেশের অবস্থান।
এবারের জরিপে বৈশ্বিক গড় ইজিডিআই স্কোর ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে বেড়ে ০.৬৬৭৫ হয়েছে। বাংলাদেশের স্কোর ০.৬৮৯৩, যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। জরিপে মূল্যায়ন করা ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ ‘উচ্চ’ অথবা ‘অতি উচ্চ’ ইজিডিআই শ্রেণিতে রয়েছে।



আপনার মতামত লিখুন