২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত এআই ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪ জনে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য প্রকাশ করা হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০৬ জন। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর পরিসংখ্যানে শীর্ষে রয়েছে ঢাকা। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৪১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৭৩ জন, খুলনায় ১৪১ জন, বরিশালে ১৩৫ জন, রাজশাহীতে ১৩১ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং রংপুরে ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।



আপনার মতামত লিখুন